এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠপ্রধান যজ্ঞেশ্বর রায় হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আলমগীর হোসেন (৩০) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাঁর রিমান্ড বাতিল করে জেলহাজতে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানায়, পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে আসামি আলমগীর হোসেনকে পঞ্চগড় আমলি আদালত-২-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুনের আদালতে হাজির করা হয়। পরে তিনি সেখানে জবানবন্দি দেন।
জেএমবি সদস্য আলমগীরের পাশাপাশি রমজান আলী ও হারেজ আলী নামের দুজনকে পুলিশ গত বৃহস্পতিবার গ্রেপ্তার করে। গত শনিবার তিনজনকেই আদালতের মাধ্যমে পৃথক দুটি মামলায় ১৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তিন দিনের মাথায় আদালতে স্বীকারোক্তি দিলেন আলমগীর।
বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টায় আলমগীরকে আদালতে তোলা হয়। বিকেল চারটায় আদালতে বিচারকের খাসকামরায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্তের স্বার্থে সবকিছু বলা যাচ্ছে না।
তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, জবানবন্দিতে আলমগীর কেন এই হত্যাকাণ্ড, কারা জড়িত, কীভাবে হত্যাকাণ্ড ঘটানো হয় ইত্যাদি বিষয়ে পুরো বর্ণনা দিয়েছেন।
আদালতের পরিদর্শক রবিউল ইসলাম খান বলেন, আলমগীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় রিমান্ড আদেশ বাতিল করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর সন্ধ্যা সাতটার দিকে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
গত ২১ ফেব্রুয়ারি দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়া নদীর পশ্চিম পারে অবস্থিত শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠে গিয়ে দুর্বৃত্তরা মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে (৫০) গলা কেটে হত্যা করে। এ ঘটনায় যজ্ঞেশ্বরের বড় ভাই রবীন্দ্রনাথ এবং দেবীগঞ্জ থানার উপপরিদর্শক মজিবর রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।
ঘটনার দিন রাতেই পুলিশ খলিলুর রহমান (৫৫), বাবুল হোসেন (২৮) ও জাহাঙ্গীর হোসেনকে (৩২) গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবারের তিনজনকে নিয়ে মোট ছয়জন বর্তমানে জেলহাজতে রয়েছেন। আলমগীর বাদে পাঁচ আসামিকে বর্তমানে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
এদিকে, যজ্ঞেশ্বর হত্যাকাণ্ডের সময় দুর্বৃত্তদের গুলিতে আহত গোপাল চন্দ্র রায়কে (৩৫) রংপুর মেডিকেল কলেজ থেকে ঢাকায় জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তাঁর ছোট ভাই সুমন চন্দ্র রায় (২২) বলেন, ইনস্টিটিউটের চিকিৎসকেরা গোপালের বাঁ হাত কেটে ফেলার পরামর্শ দিয়েছেন। আজ বুধবার সকালে পঙ্গু হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হতে পারে।