এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশে সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ আমিন ওরফে রফিককে (২৮) হত্যার ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি গতকাল শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইউসুফের আদালতে আসামি মোরশেদ আলম (২৫) এই জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ প্রণয় দে বলেন, আসামি মোরশেদ আলম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী ৩ ফেব্রুয়ারি রাত আটটার পর তাঁরা দুজন যাত্রীবেশে পটিয়া থেকে অটোরিকশাটি ভাড়া করে চন্দনাইশের উদ্দেশে যাত্রা করেন। পরে তাঁরা চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নের খেজুরতলা সেতুর পাশে গাড়িটি থামান। এ সময় সেখানে আগে থেকে অপেক্ষায় থাকা আরও তিনজনসহ পাঁচজনে মিলে চালককে জোর করে নামিয়ে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় চালক ধস্তাধস্তি করলে একজন চালককে ছুরিকাঘাত করেন ও অন্যরা তাঁকে বেদম মারধর করেন। পরে তাঁরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন জানান, সাতকানিয়া থানার পুলিশ রাতে সন্দেহজনকভাবে অটোরিকশাটি আটক করে। এ সময় রক্তমাখা শার্টসহ মোরশেদকে আটক করা হয়।
গত বৃহস্পতিবার চন্দনাইশের সাতবাড়িয়া ইউনিয়নের হাছনদণ্ডী সড়কের খেজুরতলা সেতুর পাশ থেকে চালক মোহাম্মদ আমিনের লাশ উদ্ধার করে পুলিশ।