এক আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলের সঙ্গে কোকেন আনার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম গতকাল মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল ইসলাম তেলের চালানটি বন্দর থেকে খালাসের জন্য চেষ্টা করেছেন। এই মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের জিজ্ঞাসাবাদের সময়ও তাঁর নাম এসেছে। তাই সাইফুলকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, এই মামলার তদন্তে কী কী অগ্রগতি হয়েছে, তা আগামী ১২ দিন পর জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গত ৬ জুন কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের একটি চালান চট্টগ্রাম বন্দরে জব্দ করা হয়। ২৭ জুন তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। ওই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।
পুলিশ জানায়, ১৪ জুলাই সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ওই দিন আদালত শুনানির পরবর্তী দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তেলের সঙ্গে কোকেন আনার ঘটনায় দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।