নীলফামারীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা মামলার এক আসামিসহ জামায়াত-শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার টুপামারী, কচুকাটা ও পঞ্চপুকুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা মামলার আসামি শিবিরের কর্মী আহসান হাবীব ওরফে হাসানকে (২৭) রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়। আহসান হাবীব ওই ইউনিয়নের শাহাপাড়ার হাফিজুল ইসলামের ছেলে।
একই থানার এসআই আরমান আলী জানান, রোববার সন্ধ্যায় কচুকাটা ইউনিয়নের মানুষমারা গ্রামের জামাতিপাড়ার একরামুল হকের ছেলে মশিউর রহমান (৩৫) ও বিকেলে পঞ্চপুকুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের পিল্ল চিকিৎসক মোহাম্মদ মহসীন (৫০) নামে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বর রামগঞ্জ বাজারে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে৷