এক আহ্বায়কেই ১০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহ্বায়ক কমিটি দিয়েই দীর্ঘ ১০ বছর ধরে চলছে রংপুর জেলা আওয়ামী লীগ। ফলে দলীয় কার্যক্রম স্তিমিত হয়ে পড়েছে। অধিকাংশ নেতা-কর্মী দলীয় কার্যালয়ে যান না। দলের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি উঠলেও কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না।দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সময় গঠিত কমিটির মেয়াদ ১৯৯৯ সালে শেষ হয়। এরপর কয়েক দফা কাউন্সিল আয়োজনের কথা উঠলেও নেতৃত্বের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করায় তা করা সম্ভব হয়নি।আহ্বায়ক কমিটির কয়েকজন সদস্য জানান, দলের কার্যক্রম একেবারেই ঝিমিয়ে পড়েছে। কেউ কেউ অভিযোগ করেন, পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে বর্তমান আহ্বায়ক কমিটির মূল নেতারা কোনো উদ্যোগই নিচ্ছেন না। এর মধ্যে ছাত্রলীগের সম্মেলন হলেও কমিটি করা সম্ভব হয়নি। পরে ঢাকা থেকে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার বলেন, দলকে সুসংগঠিত করতে অবিলম্বে সম্মেলন হওয়া প্রয়োজন। আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা সাফিউর রহমান বলেন, সম্মেলনের মাধ্যমে দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা জরুরি হয়ে পড়েছে। আরেক সদস্য তুষারকান্তি মণ্ডল অভিযোগ করে বলেন, ‘এই আহ্বায়ক কমিটি দলের তেমন কোনো কার্যক্রমই করছে না। শুধু নামকাওয়াস্তে জাতীয় অনুষ্ঠানগুলোয় বক্তৃতা দেওয়াই যেন মুখ্য ব্যাপার হয়ে উঠেছে।’এদিকে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের অভিযোগ, আহ্বায়ক কমিটির নেতারা এই পদ ছাড়তে চাইছেন না। দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতি কমে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আহ্বায়ক কমিটির একজন সদস্য বলেন, সম্মেলন হলে পদ হাতছাড়া হয়ে যেতে পারে—এ আশঙ্কায় অনেকে সম্মেলন করতে আগ্রহী নন। যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম দলের কার্যক্রম ঝিমিয়ে পড়ার বিষয়ে বলেন, ‘দলের তেমন একটা কর্মসূচি নেই। আশা করি, বিষয়টি কাটিয়ে ওঠা যাবে।’ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা প্রসঙ্গে তিনি বলেন, উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ বলেন, ‘দলের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করার নিয়ম থাকলেও এত বছর ধরে চলে আসছে আহ্বায়ক কমিটি। এটা কী ভাবা যায়?’