এক ইউনিয়ন নেতাকে গুলি, আরেক নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহর ব্যক্তিগত সহকারী রুহুল আমিনকে (৪৪) গতকাল রোববার প্রকাশ্যে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। আহত রুহুল আমিন হাসপাতালটির তৃতীয় শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি।
এ ঘটনায় জড়িত সন্দেহে হাসপাতালটির চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের এক নেতাসহ দুজনকে আটক করার পর তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও গুলিবিদ্ধ রুহুলের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে কর্মস্থলে যেতে শহরের আর কে রোড থেকে রিকশায় উঠছিলেন রুহুল আমিন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাইফুন নাহার। এ সময় একটি মোটরসাইকেলে তিন যুবক এসে রুহুলকে গুলি করে পালায়।
রুহুল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এ ওয়ার্ডের দায়িত্বে নিয়োজিত চিকিৎসক বিডি বিধু বলেন, সিটি স্ক্যানে দেখা গেছে রুহুলের গলায় একটি গুলি লেগে ভেতরে আটকা পড়েছে। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। চিকিৎসকেরা রুহুলকে ঢাকায় জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন। আজ সোমবার রুহুলকে ঢাকায় পাঠানো হবে।
এ ঘটনায় জড়িত সন্দেহে হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান ওরফে নয়ন (৩২) ও আবু রায়হান (৩৫) নামের একজনকে গতকালই আটক করেছে পুলিশ।
আশিকুর রহমানকে আটকের প্রতিবাদে ও তাঁকে ছেড়ে দেওয়ার দাবিতে চতুর্থ শ্রেণির কর্মচারীরা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পরিতোষ দাস গুপ্তকে তাঁর কক্ষে বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। আশিকুরকে ছেড়ে দেওয়া না হলে আজ সোমবার সকাল নয়টায় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে।
অন্যদিকে তৃতীয় শ্রেণির কর্মচারী ইউনিয়ন দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের পাল্টাপাল্টি কর্মসূচিতে হাসপাতালের পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠেছে। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।