এক ইউনিয়নে তিন রাস্তায় ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য দিয়ে যাওয়া আঞ্চলিক সড়কগুলো সংস্কারের অভাবে নাজুক হয়ে পড়েছে। খানাখন্দে ভরে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই আর বোঝার উপায় থাকে না এগুলো সড়ক কি না। বাস, ট্রাক, টেম্পো যখন ঝাঁকি খেতে খেতে চলাচল করে, তখনই কেবল বোঝা যায় এগুলো সড়ক।
কিশোরগঞ্জ-তারাগঞ্জ-বদরগঞ্জ সড়কটির দৈর্ঘ্য ৩৬ কিলোমিটার। এ রাস্তার তাড়াগঞ্জ বাজার এলাকার দেড় কিলোমিটার অংশ খানাখন্দে ভরে গেছে। গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের বৃষ্টিতে খানাখন্দে পানি জমে রাস্তাটি যেন ডোবায় পরিণত হয়েছে। ইউনিয়নের থানাপাড়া গ্রামের আবুল হোসেন বলেন, ‘কোন পাপে যে হামাগের এই রাস্তা কোনা দিয়া যাওয়া-আইসা করন লাগে, আল্লায় জানে। রাস্তা কোনাক এলা কষ্ট হয়।’
তারাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সড়কের ওই অংশের দুই পাশে নালা তৈরির জন্য উপজেলা সমন্বয় কমিটিতে তিনি একাধিকবার আলোচনা করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি। নালা হলে পানি নেমে যেত। তখন আর এত ভোগন্তি হতো না বলে তিনি মতপ্রকাশ করেন।
একই অবস্থা তারাগঞ্জ-কাজীরহাট সড়কের। এ সড়কটি সাত কিলোমিটার দীর্ঘ। বর্তমানে সড়কটির তারাগঞ্জ নতুন চৌপতি থেকে মিনিটের স মিল পর্যন্ত ৭০০ মিটার অংশ খানাখন্দে ভরে গেছে। এ অংশ দিয়ে যান চলাচল তো দূরের কথা, হেঁটে যাতায়াত করাও কঠিন।
অনন্তপুর গ্রামের কৃষক সফিকুল ইসলাম বলেন, ‘ওই রাস্তা কোনার মেলা জাগায়ত পিচ উঠি যেয়া খাল (গর্ত) হইছে। পানি (বৃষ্টি) হইলে খালগুলাত পানি জমে। তখন হাঁটতে কষ্ট।’
তারাগঞ্জ উপজেলা পরিষদ থেকে তারাগঞ্জ বাজার পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটিরও পিচ ও খোয়া উঠে লোকজন ভোগান্তির শিকার হচ্ছে।
কুর্শা ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, দুই পাশের বাসিন্দারা নিজ নিজ বাড়ি মাটি ফেলে উঁচু করায় সড়কের ওই অংশ নিচু হয়ে গেছে। তাই বৃষ্টি হলেই সড়কটিতে পানি জমে। বিশেষ করে তারাগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে কুর্শা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আজিজুল ইসলামের বাড়ি পর্যন্ত ৮০০ মিটার অংশের অবস্থা খুবই খারাপ। এখানে রাস্তার দুই পাশে নালা না থাকায় বৃষ্টির পানি সহজে সরতে পারে না। পানি জমে সড়কটির পিচ-খোয়া উঠে যাচ্ছে।
উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান জানান, রাস্তা তিনটির সমস্যার কথা জানা আছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে। তারপরও যদি নালার প্রয়োজন থাকে, তবে সেখানে নালা তৈরি করে দেওয়া হবে।