এক ইউনিয়নে দুই মাসে আট স্কুলছাত্রীর বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে গত দুই মাসে আট স্কুলছাত্রীর বিয়ে হয়েছে। এর মধ্যে ছয়জন ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, একজন বড়বাইশদিয়া এ. হাকিম মাধ্যমিক বিদ্যালয় ও একজন প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী। বখাটেদের উৎপাত ও আর্থিক দৈন্যের কারণে অভিভাবকেরা এসব বাল্যবিবাহ দিয়েছেন বলে জানা গেছে।অভিভাবক ও স্থানীয় লোকজন জানান, বাল্যবিবাহের জন্য বয়স বাড়িয়ে জন্মনিবন্ধনের সনদ সংগ্রহ করতে না পারলে সে ক্ষেত্রে বিয়ে নিবন্ধন না করিয়ে শুধু ধর্মীয় বিধান অনুয়ায়ী বিয়ে পড়ানো হয়।স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও উন্নয়নকর্মীদের সূত্রে জানা গেছে, দুই মাসে বড়বাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের আটজন স্কুলছাত্রীর বিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে গত সোমবার ছাতিয়ানপাড়া গ্রামের একজন ও রোববার টুঙ্গিবাড়িয়া গ্রামের এক স্কুলছাত্রীর বিয়ে দেওয়া হয়।টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘অল্প কয়েক দিনের মধ্যে বেশ কয়েকটি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে বলে শুনেছি। যেহেতু বিয়েগুলো হয়ে গেছে, সে ক্ষেত্রে আমরা আর কী-ই বা করতে পারি?’চলতি সপ্তাহে বিয়ে হওয়া ছাতিয়ানপাড়া গ্রামের নবম শ্রেণীর এক শিক্ষার্থীর বাবা প্রথম আলোকে বলেন, ‘বখাটেদের উৎপাতে মেয়েকে স্কুলে পাঠাতে সমস্যা হচ্ছিল। এমনকি নিজ বাড়িতেও নিরাপদ বোধ করিনি। মানসম্মানের ভয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি।’ টুঙ্গিবাড়িয়া গ্রামের অষ্টম শ্রেণীপড়ুয়া সদ্য বিবাহিত আরেক ছাত্রীর বাবা জানান, নিরাপত্তার অভাব ও আর্থিক দৈন্যের কারণে তিনি মেয়েকে বিয়ে দিয়েছেন।বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের সচিব রিয়াজ উদ্দিন জানান, তাঁরাও জানতে পেরেছেন কিছু কিছু অভিভাবক মেয়েদের বয়স বাড়িয়ে জন্ম নিবন্ধনের সনদ নিয়ে তা দিয়ে বিয়ের নিবন্ধন করিয়েছেন। বিষয়টি জানার পর জন্মনিবন্ধন সনদ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।ইউনিয়নের বিবাহ নিবন্ধক মো. ইলিয়াস বলেন, ‘আমরা অপরিণত কোনো ছেলেমেয়ের বিয়ে নিবন্ধন করছি না। তবে এলাকায় এ ধরনের কিছু বিয়ে হচ্ছে বলে জেনেছি। কিন্তু সেসব বিয়ের নিবন্ধন করাতে কেউ আসেনি।’রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী বলেন, ‘বড়বাইশদিয়ায় বাল্যবিবাহের প্রবণতা বেশি। গত দুই মাসে অনেক বাল্যবিবাহের ঘটনা সেখানে ঘটেছে বলে জানা গেছে। আমরা গত বছরের মাঝামাঝি সময়ে ওই এলাকায় বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক অনুষ্ঠান করেছিলাম। ওখানে শিগগির সচেতনতামূলক অনুষ্ঠান করব।’বড়বাইশদিয়ায় বাল্যবিবাহের ঘটনা নিয়ে গত বছরের ১১ জুন প্রথম আলোয় ‘এক মাসে ১১ স্কুলছাত্রীর বিয়ে’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।