এক ইঞ্চি জমি দখল করেছি প্রমাণ করুন: গণশিক্ষামন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘যদি কেউ প্রমাণ করতে পারে আমি সংখ্যালঘুদের এক ইঞ্চি জমি নিয়েছি বা দখল করেছি তবে আমার বিচার আন্তর্জাতিক আদালতে করা হোক। আর যদি প্রমাণ করতে না পারে তবে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তার জন্য তাদের বিচারের আওতায় আনা হোক।’
রাজধানীতে গত শুক্রবার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেলের সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বলেছিলেন, দিনাজপুরের পার্বতীপুরে ৫৫ ক্ষত্রিয় পরিবারের ওপর নির্যাতন হচ্ছে। এর সঙ্গে গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান জড়িত।
এই বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘দিনাজপুরের পার্বতীপুরের ক্ষত্রিয় পরিবারগুলো তিন-চার বছর আগে আমার কাছে এসেছিল। তারা বলেছে, তারা যে জমি ইজারা পেয়েছে সেটা সরকারের জমি। কিন্তু এটি আসলে এমদাদ চৌধুরী নামে একজন ব্যক্তির জমি। এ জমি ফেরত পেতে তিনি সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন। প্রায় ৩০ বছর ধরে চলা মামলার বিভিন্ন পর্যায়ে আদালত বলেছেন, যে ব্যক্তি মালিকানা দাবি করছে এটা তার জমি। অর্থাৎ ওই লোকটি মামলায় জিতেছেন। জেলা প্রশাসক ওই ব্যক্তিকে চিঠি দিয়ে জানিয়েও দিয়েছেন, এ সম্পত্তি সরকারের নয়। যিনি মামলা করেছিলেন তিনি তাঁর জমি দখল নিতে গিয়ে বাধার সম্মুখীন হন। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে তিনি জমি ফেরত পেতে আমার সহায়তা চান। সরকারের জমি প্রমাণ না হওয়ায় ক্ষত্রিয় পরিবারগুলোর নামে দেওয়া লিজ বাতিল করে দেওয়া হয়। কিন্তু আদালতের রায়ের পরও প্রায় ১১ বছর ধরে অবৈধভাবে ওই ব্যক্তির জমি দখল করে রয়েছেন তাঁরা।’