এক ইটভাটায় ঘুম নষ্ট গ্রামবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের ‘যমুনা ব্রিকস’ নামের ইটভাটাটি এখন এলাকার মানুষের ভোগান্তির বড় কারণ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের ‘যমুনা ব্রিকস’ নামের ইটভাটাটি এখন এলাকার মানুষের ভোগান্তির বড় কারণ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

পিচঢালা সড়কের পাশ দিয়েই নেমে গেছে একটি ইট বিছানো সরু পথ। ইট বিছানো হলেও ইট গুঁড়া হয়ে পরিণত হয়েছে সুরকিতে। দেখে বোঝাই যায় এ পথ দিয়ে সব সময় চলে ভারী যানবাহন। চারপাশে গাছপালা আর সবুজের সমারোহ দেখতে দেখতে কিছু দূর গেলেই সবুজের মাঝে দাঁড়িয়ে আছে অতিকায় এক ইটভাটা। ‘যমুনা ব্রিকস’ নামের ওই ইটভাটাটিই এখন এলাকার মানুষের ভোগান্তির বড় কারণ। ঘুমও কেড়ে নিয়েছে এলাকাবাসীর।
ঘুম কেড়ে নেওয়ার কারণও আছে। ওই ভাটার পাশেই তৈরি করা হচ্ছে আধুনিক প্রযুক্তির (জিগজ্যাগ) আরেকটি ভাটা। নাম দেওয়া হয়েছে ‘যমুনা ব্রিকস-২ ’। এ জন্য মালিকের অনুমতি ছাড়াই দখল করা হচ্ছে আশপাশের কৃষিজমি। নদীর পানি যাতে ভাটার মধ্যে প্রবেশ করতে না পারে এ জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার দুটি কালভার্টও। এ কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা লেগেই থাকে।
এলাকাটি হলো খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রাম। গ্রামটিতে অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের বাস। পুরোনো ভাটার দক্ষিণ-পশ্চিম পাশে আর নতুন তৈরি করা ভাটার পশ্চিম পাশের মাত্র কয়েক গজ দূরে রয়েছে মালো সম্প্রদায়ের (মৎস্যজীবী) ৪২টি পরিবার।
অভিযোগ আছে, মৎস্যজীবী সম্প্রদায়ের তৈরি করা ঘরের পাশ থেকেই গভীর গর্ত করে নেওয়া হয় মাটি। আবার ওই গর্ত পলি দিয়ে পূরণ করতে সেখানে তোলা হয় নদীর পানি। ওই গর্ত ও নদীর পানির প্রভাবে মাঝে মাঝে ধসে পড়ে তাঁদের ঘরবাড়ি।
সম্প্রতি এলাকাবাসীর দাবির মুখে নতুন আধুনিক প্রযুক্তির ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা। নতুনটি বন্ধ করলেও আগের মতোই চলছে পুরোনোটি।
জানা গেছে, ২০০৫ সালে অখিলবন্ধু ঘোষ, মো. মজিদ মোড়ল ও চিত্তরঞ্জন মণ্ডল নামের তিনজন কপোতাক্ষ নদসংলগ্ন ওই এলাকায় ‘যমুনা ব্রিকস’ নামে একটি ইটভাটা স্থাপন করেন। ২০১৫ সালের জুন মাসে লাইসেন্সের মেয়াদ শেষ হলে ভাটা থেকে নিজের বিনিয়োগ অংশ তুলে নেন অখিলবন্ধু ঘোষ। পরবর্তী সময়ে অপর মালিক চিত্তরঞ্জন মণ্ডল, মজিদ মোড়ল ও তার ছেলে মিঠু মোড়ল লাইসেন্স ছাড়াই ভাটাটি পরিচালনা করছেন। সম্প্রতি ওই তিনজন মিলে আগের ভাটার পাশেই জনবহুল এলাকায় ‘যমুনা ব্রিকস-২’ নামে আরেকটি ভাটা স্থাপন করছেন। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ওই স্থানে নতুন ইটভাটা ও অনুমোদনহীন ভাটা চালু থাকলে তাদের পক্ষে সেখানে বসবাস করা কঠিন হয়ে পড়বে।
অবশ্য মালিকপক্ষের দাবি, পুরোনো ইটভাটার লাইসেন্স না থাকায় নতুন করে পাশে আধুনিক ইটভাটা তৈরি করা হচ্ছে। ২০১৮ সালের মধ্যে ওই ভাটার লাইসেন্স নবায়ন করা হবে। আর ভেঙে ফেলা হবে পুরোনো ভাটাটি।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, পুরোনো ইটভাটার আশপাশে সব তিনফসলি জমি। আর ভাটায় চলছে ইট পোড়ানোর কাজ। ভাটার ওপর ও চারপাশে রয়েছে জ্বালানি কাঠের স্তূপ। অন্য পাশে তৈরি করা হচ্ছে আরেকটি ভাটা। ভাটাটি সম্পূর্ণ কৃষিজমিতে। ইট রাখার জন্য ব্যবহার করা হচ্ছে আশপাশের কৃষিজমি।
ওই এলাকার সুব্রত দাশ বলেন, বছর দুয়েক আগে তাঁদের পাঁচ শরিকের ছয় বিঘা জমির মধ্যে দুই বিঘা জমি ইটভাটার মালিকের কাছে ইজারা দিয়েছিলেন। কিন্তু এখন তা ফেরত দিচ্ছে না ভাটা কর্তৃপক্ষ। বরং নতুন ইটভাটা করতে বাকি জমিও দখল করে নিচ্ছে তাঁরা।
একইভাবে অনুমতি ছাড়াই তাঁর আড়াই বিঘা জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে বলে জানান শ্যামল মণ্ডল।
এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় ঘরবাড়ি, ফসলি জমি। কোনো কিছু বলতে গেলেই মারতে আসে। হামলা করে, চিমনিতে পুড়িয়ে মারার ও এলাকাছাড়া করার হুমকি দেয়। এলাকার সবাই হিন্দু হওয়ায় কেউ জোরালো প্রতিবাদ করার সাহস পায় না।
যমুনা ব্রিকসের মালিক চিত্তরঞ্জন মণ্ডল ইটভাটার লাইসেন্স না থাকার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা কয়েক দফা জরিমানা দিয়ে ভাটা পরিচালনা করছি। এখন নতুন করে জিগজ্যাগ ভাটা স্থাপন করছি। এটা চালু হয়নি। ২০১৮ সালে চালু হবে। এর মধ্যে অনুমোদন হয়ে যাবে।’
তিনি দাবি করেন, জমির মালিকেরা স্বেচ্ছায় জমি ইজারা দিয়েছেন। এ জন্য কাউকে হুমকি, হয়রানি করা হচ্ছে না। পুরোনো ভাটা বন্ধ করা হবে বলেই নতুন ভাটা হচ্ছে।