এক ইনজেকশনেই কালাজ্বর থেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে নতুন পদ্ধতির কালাজ্বরের চিকিৎসা শুরু হয়েছে। এ পদ্ধতিতে একক মাত্রার (সিঙ্গেল ডোজ) ইনজেকশন প্রয়োগ করলেই কালাজ্বরে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর ২০১৫ সালের মধ্যে কালাজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি ১০ লাখে একজনের নিচে নামিয়ে আনতে চায়। এ লক্ষ্যে অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন স্থানে কালাজ্বরের জীবাণুবাহক বেলেমাছি (স্যান্ডফ্লাই) নির্মূলের কর্মসূচি চলছে। এ ছাড়া রোগীর সংখ্যা দ্রুত কমিয়ে আনার জন্য অধিদপ্তর নতুন পদ্ধতির ইনজেকশন বিনা মূল্যে রোগীদের সরবরাহ ও প্রয়োগের ব্যবস্থা করেছে। সারা দেশের ২৫টি জেলার কালাজ্বরপ্রবণ এলাকার ১০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারের এ কর্মসূচি চলছে। এর মধ্যে ৯৩টিতেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। বেড়া স্বাস্থ্য কমপ্লেক্স তার মধ্যে একটি।
আগের তুলনায় ঝামেলাহীন ও কার্যকর এ চিকিৎসা নিতে বেড়া ও এর পাশের উপজেলার রোগীরা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে। গত ৪ জুলাই থেকে শুরু হওয়ার পর বিভিন্ন উপজেলার আটজন রোগীকে এ পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে।
২১ জুলাই ইনজেকশন প্রয়োগ করা হয় কণা আক্তারের (১৭) শরীরে। এ সময় তার বাবা শাহজাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা কবিরউদ্দিন বলেন, মাস চারেক আগে মেয়ের জ্বর হলেও কমছিল না। পরে রাজশাহীতে নেওয়ার পর চিকিৎসকেরা রক্ত পরীক্ষা করে জানান, তার কালাজ্বর হয়েছে। সেখান থেকেই বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়। গত বৃহস্পতিবার মুঠোফোনে কবিরউদ্দিন বলেন, ইনজেকশন নেওয়ার পর থেকে জ্বর কমতে থাকে। দুই দিন পর জ্বর সেরে যায়। মেয়ে এখন ভালো আছে।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, পাবনার বেড়া, সাঁথিয়া, সুজানগর, ফরিদপুর, চাটমোহর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কালাজ্বরপ্রবণ এলাকা বলে পরিচিত। এসব উপজেলার কালাজ্বরে আক্রান্ত প্রত্যেক রোগীকে আগে ২০টি করে ইনজেকশন নিতে হতো। ২০ দিন ধরে যন্ত্রণাদায়ক এ ইনজেকশন রোগীদের নিতে হতো বলে এটি ছিল বেশ ঝামেলার।
কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, ৪ জুলাই থেকে এখানে একক মাত্রার ইনজেকশনের মাধ্যমে কালাজ্বরের চিকিৎসা শুরু হয়েছে। ওষুধটি স্যালাইনের সঙ্গে মিশিয়ে রোগীর শিরায় প্রয়োগ করতে হয়। রোগীর দেহে পুরো ওষুধ যেতে সময় লাগে প্রায় চার ঘণ্টা। তবে রোগীকে পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য ইনজেকশনটি নেওয়ার এক দিন আগে হাসপাতালে ভর্তি হতে হয়। হাসপাতাল থেকে রোগী ছাড়া পায় ইনজেকশন গ্রহণের পরদিন।
এই স্বাস্থ্য কমপ্লেক্সের কালাজ্বর চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা আজরিনা আফরিন বলেন, ‘আগের তুলনায় নতুন পদ্ধতির এ চিকিৎসা অনেকটাই ঝামেলামুক্ত। এ পর্যন্ত আমরা যাদের এ পদ্ধতিতে চিকিৎসা দিয়েছি, সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তারা এখন পর্যন্ত কোনো সমস্যার কথা জানাতে আসেনি। তার পরও এক বছর তাদের পর্যবেক্ষণে রাখা হবে।’
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, ৪ জুলাই থেকে এ পর্যন্ত কালাজ্বরে আক্রান্ত আটজন রোগীকে এ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব রোগীর মধ্যে তিনজন করে পাবনার ফরিদপুর ও চাটমোহর উপজেলার এবং একজন করে সাঁথিয়া ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্তিক কুমার সাহা বলেন, ‘পাবনা জেলার মধ্যে একমাত্র বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সেই কালাজ্বর চিকিৎসার এ কর্মসূচি চলছে। অন্যান্য উপজেলার সঙ্গে যোগাযোগ ভালো বলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সকে বেছে নিয়েছে। কালাজ্বরে আক্রান্ত যেকোনো রোগী আমাদের এখানে এলে বিনা মূল্যে চিকিৎসা পাবে।’