ইমান আলী নামের এক সাক্ষীকে হাজির করা নিয়ে ১৩ বছর থেমে আছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স জালালউদ্দিন হত্যা মামলা। নতুন কোনো সাক্ষীকেও ডাকা হয়নি।
আসামিপক্ষের অভিযোগ, রাষ্ট্রপক্ষের অবহেলায় ঝুলে আছে মামলাটি। অথচ মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে।
আসামিপক্ষের অভিযোগ, এই মামলার আসামিরা পুলিশের কর্মকর্তা ও সদস্য হওয়ায় কৌশলে বিচার আটকে রাখা হয়েছে। মামলাটি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। তবে আদালতের কর্মচারীরা মামলার নথি সম্পর্কে জানেন না বলে জানিয়েছেন।
এ সম্পর্কে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মাকসুদুর রহমান সম্প্রতি প্রথম আলোকে বলেন, ২০০৩ সালের ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী ইমান আলী আংশিক সাক্ষ্য দেন। এরপর আর তিনি আদালতে হাজির হননি। রাষ্ট্রপক্ষের সাক্ষীকে হাজির করার জন্য আদালত থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে নতুন কোনো সাক্ষী নেওয়ার আবেদন করা হয়েছিল কি না, জানতে চাইলে মাকসুদুর রহমান বলেন, ‘না।’
পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশনের অতিরিক্ত উপকমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি দায়িত্বে আসার পর মামলার সাক্ষী হাজির করার বিষয়ে কোনো সমনের আদেশ পাননি।
মামলার বিষয়ে জানতে চাইলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী শামীম আহমেদ বলেন, তিনি নতুন এসেছেন। এই মামলা সম্পর্কে কিছুই জানেন না।
জালালউদ্দিন ছিলেন ডিবির পরিদর্শক জিয়াউল আহসানের সোর্স ও মাইক্রোবাসের চালক। ১৯৯৯ সালের ১৯ মার্চ মোহাম্মদপুরের বাসা থেকে বের হন তিনি। ২৫ মার্চ ডিবি কার্যালয়ের ছাদ থেকে জালালের গলিত লাশ উদ্ধার করা হয়। ৩১ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে ছবি দেখে জালালের পরিবার লাশ শনাক্ত করে। এ ঘটনায় রমনা থানায় এই মামলাটি করা হয়।
তদন্ত শেষে সিআইডি ২০০১ সালে ডিবির পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আসামিরা হলেন ডিবির পরিদর্শক মো. জিয়াউল আহসান, হাবিলদার মো. বিল্লাল, কনস্টেবল আবদুর রউফ এবং আনোয়ার হোসেন ও আবদুল মালেক। প্রথম তিন আসামি জামিনে আছেন। আনোয়ার মারা গেছেন। মালেক প্রথম থেকেই পলাতক।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ঢাকার বিভিন্ন এলাকায় সোনা ও মাদক পাচারের তথ্য পাওয়ার জন্য জালালকে সোর্স হিসেবে ব্যবহার করতেন পরিদর্শক জিয়াউল আহসান। এই মামলার অভিযুক্ত ব্যক্তিরা জালালের তথ্যের ভিত্তিতে চোরাকারবারিদের আটক করে চোরাচালানের পণ্য বিধিসম্মতভাবে উদ্ধার না দেখিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিতেন। কিন্তু জালালকে কয়েকবার এর ভাগ দেওয়া হয়নি। সেই ক্ষোভে জালাল ১৯৯৯ সালের ১৩ মার্চ একটি সোনা চালানের তথ্য ডিবির অন্য একটি দলকে দিয়ে দিলে ক্ষুব্ধ হন জিয়াউল। ১৯ মার্চ রাতে অন্য আসামিদের মাধ্যমে জালালকে বাসা থেকে ডেকে নিয়ে খুন করা হয়।
২০০১ সালের মাঝামাঝি সময়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ৪৫ জনের মধ্যে ১৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। সর্বশেষ ২০০২ সালের ১৮ সেপ্টেম্বর ১৯তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ২০০৩ সালের ৪ ফেব্রুয়ারি ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে রিকশাচালক ইমান আলী আদালতে আংশিক সাক্ষ্য দেন। এরপর থেকেই তাঁর আর কোনো খোঁজ নেই।
আসামিপক্ষের আইনজীবী শেখ বাহারুল ইসলাম বলেন, এক সাক্ষীর অজুহাতে মামলাটি আটকে রাখা হয়েছে। সাক্ষী ইমান আলী মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমানের ‘সোর্স’ ছিলেন। আদালতে ইমান আলী এ কথা প্রকাশ করার পর রাষ্ট্রপক্ষ অসুস্থতার অজুহাতে তাঁর সাক্ষ্য মুলতবি করে। সেই থেকে মামলাটি থেমে আছে। রাষ্ট্রপক্ষ নতুন কোনো সাক্ষীকেও হাজির করেনি। মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টেরও নির্দেশ আছে।
প্রসঙ্গত, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি মুন্সী আতিকুর রহমান বর্তমানে জামিনে আছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ‘জজ মিয়া নাটক সাজিয়ে তদন্ত ভিন্ন খাতের নেওয়ার অভিযোগে’ তাঁকে এই মামলার আসামি করা হয়।