এক ইলিশ ১২ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক ও রাবনাবাদ নদের মোহনায় এক জেলের জালে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। গত বুধবার সন্ধ্যায় ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকার জেলে আবদুস শহিদের জালে ওই মাছ ধরা পড়ে।
আবদুস শহিদ বলেন, ‘আমরা দুফারের সময় রাবনাবাদে জাল ফালাই। সন্ধ্যায় হেই জাল উডাইতে গেলে মাত্র তিনটি ইলিশ মাছ পাই। হ্যার মধ্যে এই ইলিশ মাছটা ধরা পড়ছে। মাছটা যেই রহম বড়, হেই রহম দেখতেও সুন্দর। মাছটার ওজন দুই কেজি ৯০০ গ্রাম।’
কলাপাড়া উপজেলার মৎস্য কার্যালয় ১২ হাজার টাকায় মাছটি কিনে সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে। উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, মাছটি ২৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ৮ ইঞ্চি প্রস্থের। তিনি বলেন, সরকার জাটকা সংরক্ষণ এবং জেলেদের বিকল্প কর্মসংস্থান প্রকল্প গ্রহণ করায় নদ-নদীতে এ রকম ইলিশের দেখা মিলছে। জেলেরা জাটকা না ধরলে ইলিশের আকার বড় হবে।