এক উপজেলার ৭২ প্রাইমারিতে প্রধান শিক্ষকের পদ শূন্য

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি ৭২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ কারণে এসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে পুরোনো ও নতুন জাতীয়করণ করা ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৭২টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। উপজেলার এসব প্রাথমিক বিদ্যালয়ে ৩১ হাজার ১২৩ জন শিক্ষার্থী পড়ালেখা করছে।
ওই বিদ্যালয়গুলোর ১০ জন সহকারী শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধান শিক্ষক না থাকায় শিক্ষার পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। কারণ, একই পদের হওয়ায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব থাকা কাউকে অন্য শিক্ষকেরা মানতে চান না। এ ছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তিনি ক্লাস নিতে পারেন না। ফলে পাঠদানে সমস্যায় পড়েন অন্য শিক্ষকেরা। তিনজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব পালন করলেও অতিরিক্ত কোনো সুবিধা তাঁরা পান না।
নাম প্রকাশ না করার শর্তে এক সহকারী শিক্ষা কর্মকর্তা বলেন, নানা রকম ঝামেলার কারণে প্রধান শিক্ষক পদে নতুন নিয়োগ হচ্ছে না। পদোন্নতির মাধ্যমে নাকি নতুন নিয়োগের মাধ্যমে ওই পদ পূরণ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
প্রধান শিক্ষক না থাকায় এসব বিদ্যালয়ে পড়ালেখা ব্যাহত হচ্ছে জানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, শূন্য পদ পূরণের মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য উপজেলার মাসিক সমন্বয় সভায় জানানো হয়েছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, প্রধান শিক্ষক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।