এক উৎসবেই বিজ্ঞানের নানান আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান উৎসব মানেই প্রকল্প প্রদর্শনী—প্রচলিত এই ধারণা এখন অনেকটাই বদলে গেছে। প্রকল্পের পাশাপাশি উৎসবে থাকছে বিজ্ঞানসংশ্লিষ্ট নানান আয়োজন। থাকছে সুডোকু, রুবিকস কিউব, একক ও দলগত কুইজ প্রতিযোগিতা। পদার্থ, রসায়ন, গণিত, তথ্যবিষয়কসহ বিভিন্ন অলিম্পিয়াডও হচ্ছে উৎসবে।

এমনই নানান আয়োজন ছিল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘ডিআরএমসি-স্যাভলন ১০ম জাতীয় বিজ্ঞান উৎসব ২০১৭’-এ। তিন দিনব্যাপী এই উৎসবের সমাপনী ছিল গতকাল শনিবার। উৎসব শেষ হয় বিভিন্ন বিভাগের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, শুধু পাঠ্যবই পড়লেই প্রকৃত মানুষ হওয়া যাবে না। এর বাইরেও বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে হবে। শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী আলী আসগর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল মান্নান ভূঁইয়া। তিন বলেন, যে তরুণেরা দেশের, মানুষের মঙ্গলচিন্তা করে তারা কখনো জঙ্গিবাদ, মাদকের মতো বিপথে যেতে পারে না। এই মেধাবী তরুণেরা দেশকে এগিয়ে নিয়ে যাবে।