শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র প্রকল্প
এক একর জমির অভাবে শুরু করা যাচ্ছে না নির্মাণকাজ
মাত্র এক একর জমি অধিগ্রহণ বাকি থাকায় হবিগঞ্জের শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না। তিন বছরের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ করার কথা থাকলেও ইতিমধ্যে দুই বছর চলে গেছে।
শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র প্রকল্পের পরিচালক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, জেলা প্রশাসন এখন পর্যন্ত প্রয়োজনীয় ১৭ একর জমি অধিগ্রহণ করে পিডিবির কাছে হস্তান্তর করতে পারেনি। এ কারণে প্রকল্পের নির্মাণকাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। আগামী মাস (মার্চ) থেকেই প্রকল্পের কাজ শুরু ও ২০১৬ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সরকার এখান থেকে প্রতি মাসে ১২ কোটি মার্কিন ডলার আয় করতে পারবে।
পিডিবি সূত্র জানায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে ৬০ মেগাওয়াট গ্যাস-টারবাইন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের পাশে নতুন ৩৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রকল্প প্রণয়ন করা হয়। ৭৩ একর জায়গার ওপর নতুন এই কেন্দ্র স্থাপন করা হবে। এ কেন্দ্রে ইউনিট থাকবে তিনটি। তার মধ্যে দুটি গ্যাস-টারবাইনে চললেও একটি ইউনিট কম্বাইন্ড সাইকেলে চলবে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ২৪৫ কোটি টাকা। এর মধ্যে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) সহায়তা হিসেবে দেবে এক হাজার ৯৪৫ কোটি টাকা। বাকি অর্থ পিডিবি নিজস্ব তহবিল থেকে জোগান দেবে।
২০১১ সালের শেষ দিকে এ বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। চীনের ১৩টি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করে। গুয়াংডং নামের প্রতিষ্ঠানটি প্রকল্পের কাজ পায়। ২০১৪ সালের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা। প্রকল্পের মোট ৭৩ একর জমির মধ্যে শাহজীবাজারে পিডিবির নিজস্ব জমি আছে ৫৬ একর। ইতিমধ্যে ২৪ কোটি টাকা ব্যয়ে ১৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পের সংযোগ সড়ক নির্মাণের জন্য আরও এক একর জমি প্রয়োজন। এ জমি জেলা প্রশাসন এখনো অধিগ্রহণ করতে পারেনি।
এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিকুল আলম বলেন, ‘আমরা প্রায় ১৬ একর জমি অধিগ্রহণ করেছি। প্রকল্পের সংযোগ সড়কের জন্য আরও এক একর জমি প্রয়োজন। তা খুব শিগগির অধিগ্রহণ করা হবে। এর পরই জমি পিডিবির কাছে হস্তান্তর করা হবে।’