আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এক-এগারোর সময় দলের ভেতর-বাইরে থেকে শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করা হয়। এখনো তাঁকে হত্যার চেষ্টা অব্যাহত আছে। এক-এগারোতে কার কী ভূমিকা ছিল, তা সময়মতো জনসমক্ষে প্রকাশ করা হবে।গতকাল শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে ২১ আগস্ট স্মরণে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে দলীয় নেতা-কর্মীরা তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করেন। তিনি দেশে ফিরে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করেন। তখন সে কাজে দলের ভেতর থেকেই বাধা এসেছিল। বাকশাল গঠন করে আওয়ামী লীগকে বিভক্ত করা হয়। পরে শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় বাকশাল আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়। তিনি আরও বলেন, এক-এগারোর সময় দলের অনেকেই চাননি, শেখ হাসিনা জেল থেকে ফিরে আসুক। তখনকার পত্রপত্রিকার প্রতিবেদন ও কলাম দেখলেই বোঝা যাবে, কারা গণতন্ত্র চায়নি, কারা শেখ হাসিনাকে জেলে রাখতে চেয়েছিল।সৈয়দ আশরাফ বলেন, ‘গণতন্ত্র উত্তরণে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য ঘটনা। এ কারণে সেদিন তাঁদের নির্মম নির্যাতন সইতে হয়েছিল। তখন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বড় ভূমিকা রাখেন। আওয়ামী লীগ কার্যালয়ে তখন রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হতো না। ইফতারের কথা বলে আমরা আলোচনা সভা করতাম। সেদিন বলেছিলাম, শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না, গণতন্ত্র আসবে না। তাঁকে মুক্তি দিতে হবে। শত ষড়যন্ত্র ও বাধার মুখেও শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য করা হয়।’সৈয়দ আশরাফ আরও বলেন, ‘এক-এগারোর সময় কারা দেশ শাসন করেছে? আমার একটা বক্তব্য নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। কিন্তু আজকেও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাজনীতিতে গোয়েন্দাদের হস্তক্ষেপ বন্ধে আইন করার কথা বলেছেন। অনেকে ভয়ে কথা বলেন না। অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও কথা বলতে চান না।’ তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষা করা যেমন আমাদের নৈতিক দায়িত্ব, তেমনি শেখ হাসিনাকে রক্ষা করাও আমাদের দায়িত্ব।’ তিনি বলেন, ‘আমাদের একমাত্র শক্তি হচ্ছে জনগণ ও দলীয় নেতা-কর্মী। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’সৈয়দ আশরাফ বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। আমরা অবাধ সংবাদমাধ্যমে বিশ্বাস করি। তাই দেশে প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমের অভাব নেই। কিন্তু সংবাদমাধ্যমের একটা দায়িত্ব আছে। আর সেটা হচ্ছে সত্য কথা বলা। এ জন্য সাহস থাকতে হবে। সাংবাদিক প্রতিবেদনে মিথ্যার আশ্রয় নিতে পারেন না। তিনি বলেন, হাতের পাঁচ আঙুল যেমন সমান নয়, তেমনি সব প্রতিবেদনও বস্তুনিষ্ঠ নয়, সব সাংবাদিকও সাংবাদিক নন। গণতন্ত্রের জন্য সৎ ও নির্ভীক সংবাদমাধ্যম প্রয়োজন। স্বাধীন সংবাদমাধ্যম ও গণতন্ত্রে বিশ্বাস করি বলে আমরা অনেক কথার জবাব দিই না, প্রতিবাদও করি না।’স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি-জামায়াত রমজানের পরের কথা বলে ভয় দেখায়। তবে যুবলীগ তখন বসে থাকবে না। তারা প্রস্তুত। তিনি বলেন, মির্জা ফখরুল মিছিল-মিটিং করছেন আর বলছেন, দেশে গণতন্ত্র নেই। উনি কাকে গণতন্ত্র শেখান। নানক বলেন, ২১ আগস্ট ও ১৫ আগস্ট একসূত্রে গাঁথা। খালেদা ও তারেকের ঠান্ডা মাথার ষড়যন্ত্র ছিল ২১ আগস্ট। এর বিচার বাংলার মাটিতে হবেই।যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন মির্জা আজম, মুজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুল আলম হিরণ, ফজলুল হক আতিক প্রমুখ।