এক-এগারোর কুশীলবরা এখনো সক্রিয়: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় হাছান মাহমুদসহ অন্যরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৭ আগস্ট। ছবি: সংগৃহীত
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় হাছান মাহমুদসহ অন্যরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৭ আগস্ট। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, শিক্ষার্থীরা ঘরে ফিরে গেলেও তাদের নিয়ে বিএনপি-জামায়াত ও এক-এগারোর কুশীলবরা ষড়যন্ত্র করে যে অপরাজনীতি করতে চেয়েছিল, তা থেমে নেই। তারা এখনো সক্রিয় আছে।

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলাকারী বিএনপি-জামায়াত স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন।

বিএনপি-জামায়াতের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, দলটি জঙ্গিদের আশ্রয় দিয়ে বিভিন্ন জায়গায় বোমা ফাটিয়ে বিশেষ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। বিএনপি এখন অন্যদের আন্দোলনকে পরগাছার মতো আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছে। প্রথমে তেল-গ্যাস কমিটি এরপর কোটা আন্দোলন আর সর্বশেষ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে করা আন্দোলনে মিশে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বরাবরের মতো তারা ব্যর্থ হয়েছে।

বঙ্গবন্ধুর মতো তাঁর কন্যা শেখ হাসিনাকেও দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাউছারের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথসহ মহানগর, থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।