এক-এগারোর কুশীলবেরা আবারও সক্রিয়: প্রধানমন্ত্রী
এক-এগারোর কুশীলবেরা আবারও সক্রিয় হয়ে ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে চায় বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। গণতন্ত্র রক্ষায় ৫ জানুয়ারি নির্বাচনে সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
আজ বুধবার বিকেলে রাজধানীর কাফরুল আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘যারা ১/১১ সৃষ্টি করেছে, কিংস পার্টি তৈরি করেছে, তারা এখনো সক্রিয়। অগণতান্ত্রিক ও অসাংবিধানিক সরকার এলে তাদের চাহিদা বাড়ে, তাই তারা নিজেদের বিশিষ্ট নাগরিক হিসেবে ঘোষণা দিয়ে ষড়যন্ত্র করছে। এদের ষড়যন্ত্র থেকে সবাই সতর্ক থাকুন। ঘরে ঘরে গিয়ে সবাইকে নির্বাচনে আসার জন্য উদ্বুদ্ধ করুন।’
খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘বিএনপি নেত্রীকে আলোচনার জন্য বহুবার আহ্বান করেছি। উনি আলোচনায় না এসে বোমাবাজি করছেন। উনি বোমাবাজি ছাড়া কিছু বোঝেন না। তাঁর মধ্যে গণতন্ত্রের লেশমাত্র নেই। বিএনপির দুই গুণ দুর্নীতি, মানুষ খুন।’ আগামী দিনে ক্ষমতায় এলে স্বাধীনতার চেতনায় ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেন শেখ হাসিনা।
সাংসদ কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে নির্বাচনী সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান প্রমুখ।
এরপর প্রধানমন্ত্রী মিরপুরে ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও উত্তরায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের এলাকায় নির্বাচনী জনসভায় ভাষণ দেন।