এক-এগারোর পটপরিবর্তনের জন্য দায়ীদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের ১১ জানুয়ারির পটপরিবর্তনের জন্য দায়ী ব্যক্তি ও তাঁদের সহযোগীদের বিচার দাবি করেছে বিএনপি। দলের নেতারা পটপরিবর্তনের জন্য বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকে মূল হোতা বলে অভিযোগ করেন। তাঁরা বলেন, ওই সময় কিছু আমলা, সেনা কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদপত্রের একাংশের মালিক-সম্পাদক এদের সহযোগিতা করেছেন। এক-এগারোকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ‘কালো দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আলোচনা সভার আয়োজন করে। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এ দিনটির প্রতিবাদে কোনো কর্মসূচি পালন করছে না। কারণ, ওই ঘটনার সবচেয়ে বড় সুবিধাভোগী তারা। তিনি বলেন, মূল কুশীলবদের সঙ্গে ওই সময় কিছু আমলা, সেনা কর্মকর্তা, সুশীল সমাজ ও সংবাদপত্রের একাংশ জড়িত ছিল। এদের চিহ্নিত করা কঠিন নয়। সরকার যদি মূল হোতা ও সহযোগীদের বিচার না করে তবে গণতন্ত্র সুরক্ষিত হবে না। খোন্দকার দেলোয়ার বলেন, ওই সময়ের ষড়যন্ত্রকারীরা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ‘বিএনপির মধ্যেও অনেক কাক এখন কোকিলের বেশ ধারণ করে আছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, আশা করি শিগগিরই তারেক রহমান দেশে ফিরে বিএনপির হাল ধরবেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সরকার তারেক রহমানকে ভয় পাচ্ছে। কারণ, ভবিষ্যত্ বাংলাদেশের নেতৃত্ব তারেক রহমান দেবেন। স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, এক-এগারোর পরে দেশে আইনের শাসনের পরিবর্তে মইনের শাসন শুরু হয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘দলের বিক্রি ঠেকাতে বিমা পলিসি প্রবর্তনের মাধ্যমে কাউন্সিলে তারেক রহমানকে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান করা হয়েছিল। ওই সময় অনেক নেতা সতীত্ব হারিয়েছিলেন। তবে এখন আর কেউ দল বিক্রি করতে পারবে না।’ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যাঁরা এয়ারপোর্টে বসে বৈধতা দেওয়ার কথা বলেছেন, তাঁদের বিচার করতে হবে।’ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান বক্তব্য দেন।সরকারকে জামায়াতের হুঁশিয়ারি: জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের উদ্যোগে গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে এক-এগারোর কুশীলবদের বিচার দাবি করেন দলের নেতারা।সভায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী বলেছেন, দেশে ইসলামি রাজনীতি নিষিদ্ধ করার চক্রান্ত চলছে। তিনি সরকারকে সাবধান করে বলেন, ‘ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার নামে আগুন নিয়ে খেলা করবেন না।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, আবদুর রাজ্জাক, এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম, সাংসদ হামিদুর রহমান আযাদ ও ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খান বক্তব্য দেন। বিএনপির আইনজীবীদের মানববন্ধন: দিনটি উপলক্ষে গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানববন্ধন করে।