এক-এগারোর পর ১২৩২ কোটি টাকা জব্দ করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক-এগারোর পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির এক হাজার ২৩১ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার ৯২৫ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এঁদের মধ্যে ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও রয়েছেন।জাতীয় সংসদে গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। পাঁচ দিন বিরতির পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকাল সংসদ অধিবেশন শুরু হয়। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।হাফিজ উদ্দিন আহম্মেদ অর্থমন্ত্রীর কাছে জানতে চান, এক-এগারোর পর বিভিন্ন ব্যবসায়ী বা সংস্থার কত টাকা সরকার বাজেয়াপ্ত করেছে এবং ট্রুথ কমিশনের মাধ্যমে কত টাকা সরকারি খাতে জমা পড়েছে। তবে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হওয়ায় সম্পূরক প্রশ্ন করার সুযোগ ছিল না।নতুন আয়করদাতা এক লাখ ৮০ হাজার: ঢাকার সাংসদ বেনজীর আহমদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত এক লাখ ৭৯ হাজার ৮১৯ জন নাগরিক নতুন আয়করদাতা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। গত অর্থবছরে (২০০৮-০৯) আদায় করা আয়করের পরিমাণ ১৩ হাজার ৮৫৮ কোটি টাকা। চলতি অর্থবছরে (২০০৯-১০) আয়কর খাতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৫৬০ কোটি টাকা।চার ব্যাংক অলাভজনক: কিশোরগঞ্জের সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন চারটি ব্যাংক অলাভজনক। এগুলো হলো রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। রাষ্ট্রায়ত্ত লাভজনক তিনটি ব্যাংক হলো সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক।বিদেশি ঋণ: নেত্রকোনার সাংসদ ওয়ারেসাত হোসেনের প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত জানান, ১৯৭২ সাল থেকে ২০০৮ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ ২৭২১৭ দশমিক ৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে। একই সময়ে এ ঋণের বিপরীতে সুদ বাবদ ৩৭৬৩ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থবছরে অনুন্নয়ন বাজেটের আওতায় ৮৩ হাজার ৩১৯ কোটি টাকা প্রাক্কলন করা হয়। গত ডিসেম্বর পর্যন্ত বরাদ্দের ৩০ হাজার ৭৫৩ কোটি টাকা ব্যয় হয়েছে, যা অনুন্নয়ন বাজেটের ৩৭ শতাংশ। এ সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ বরাদ্দের ৪৫ শতাংশ ছাড় হয়। ব্যয় হয়েছে মোট এডিপির ২৯ শতাংশ। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি অর্থায়ন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময়ে ব্যাংকগুলোকে নানা নির্দেশনা দিয়েছে। সব ব্যাংক এ বিষয়ে পৃথক নীতিমালা তৈরি করবে এবং ব্যাংকের পরিচালনা পরিষদ তা বাস্তবায়ন করবে।