আ.লীগ সাধারণ সম্পাদকের মন্তব্যের জবাবে খন্দকার মাহবুব
এক-এগারোর সময় সৈয়দ আশরাফ বিদেশে আয়েশি জীবন কাটান
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আশরাফ সাহেব একটু আরামপ্রিয় মানুষ, উনি ও ওনার স্ত্রী দুজনই বিদেশি নাগরিক। এক-এগারোর সময় উনি নিজেকে নিরাপদে রাখতে বিদেশে আয়েশি জীবন কাটিয়েছেন, সেসব ঢাকতেই এখন এমন মন্তব্য করছেন।’তাঁকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্যের জবাবে গতকাল মঙ্গলবার বরগুনায় জেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।শহরের একটি হোটেলে আয়োজিত এ পরিচিতি সভায় খন্দকার মাহবুব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম।খন্দকার মাহবুব বলেন, ‘আমাকে নিয়ে যাঁরা নেতিবাচক মন্তব্য করেন, তাঁদের জানা উচিত খন্দকার মাহবুব হোসেন একমাত্র ব্যক্তি, যিনি ওয়ান-ইলেভেনের সময় ডিজিএফআইয়ের রক্তচক্ষু উপেক্ষা করে তৎকালীন অসাংবিধানিক সরকারের অধীনে উপদেষ্টার পদ গ্রহণ করেননি।’ তিনি অভিযোগ করেন, ‘এক-এগারোর সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে আমার জয় সুনিশ্চিত জেনে ডিজিএফআইয়ের সহায়তায় নির্বাচন বন্ধ করা হয়েছিল। পরে পাতানো নির্বাচনে ব্যারিস্টার শফিক আহম্মেদকে জয়ী করা হয়। কারণ, তৎকালীন অসাংবিধানিক সরকার জানত, খন্দকার মাহবুব জয়ী হলে সংবিধান লংঘনকারী সরকারকে কোনো অবস্থায়ই আমি মেনে নেব না। এসব জেনেই, নিজেদের কলঙ্কিত ও বিতর্কিত ভূমিকা আড়াল করতে সৈয়দ আশরাফ এমন মন্তব্য করছেন।’সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে খন্দকার মাহবুব বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না, যে বাড়িতে শহীদ জিয়ার মৃতদেহ এনে রাখা হয়েছিল, সেই বাড়ি থেকে জিয়া পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।’ তিনি আরও বলেন, ‘সিরাজগঞ্জে খালেদা জিয়ার জনসভা পণ্ড করার জন্য সরকার সেখানে মানুষ মেরে নাটক সাজিয়েছে। আমরা গণতদন্ত কমিশন গঠন করেছি, তাতে সরকারের সে নাটক উন্মোচিত হবে।’ উল্লেখ্য, গত সোমবার সৈয়দ আশরাফ মন্তব্য করেন, খন্দকার মাহবুব ডিজিএফআইয়ের লোক ছিলেন। এক-এগারোর পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে মাহবুব হোসেনকে ডিজিএফআই মনোনয়ন দিয়েছিল। সে সময় তিনি সভাপতি নির্বাচিত হলে দেশে গণতন্ত্র ফিরে আসত না।পরিচিতি সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি আবদুুল হালিম প্রমুখ।আইনজীবী সমিতির প্রতিবাদ: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল সমিতির সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন মন্তব্য আইনজীবী সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সুপ্রিম কোর্ট অঙ্গনকে হেয়প্রতিপন্ন করার শামিল বলে সমিতি মনে করে।