এক এসআই ও তিন কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাঁজা রেখে গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগে ঢাকার আশুলিয়া থানার এক উপপরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। সে সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার ঢাকার পুলিশ সুপারের কার্যালয় থেকে এসব পদক্ষেপ নেওয়া হয়।আশুলিয়া থানার একাধিক দায়িত্বশীল সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ১২ সেপ্টেম্বর রাতে তমিজ উদ্দিন নামের এক সোর্সের মাধ্যমে খবর পেয়ে আশুলিয়া থানার কনস্টেবল সারোয়ার হোসেন ও হাবিবুর রহমান নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি কাভার্ডভ্যান আটক করে থানায় নিয়ে যান। এরপর তাঁরা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনকে বিষয়টি জানালে ওই কর্মকর্তা গাঁজা রেখে রাতেই কাভার্ডভ্যানটি ছেড়ে দেন। পরে দুই কনস্টেবল ও সোর্স তমিজ উদ্দিনের সহায়তায় ওই কর্মকর্তা উদ্ধার করা বিপুল পরিমাণ গাঁজা গোপন স্থানে রেখে পরে তা বিক্রি করে দেন। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর বিক্রি করা গাঁজার মধ্যে পাঁচ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ ব্যাপারে গত মঙ্গলবার প্রথম আলোতে ‘গাঁজা রেখে গাড়ি ছেড়ে দিল পুলিশ’ শিরোনামে খবর প্রকাশিত হয়।ঢাকার পুলিশ সুপারের (এসপি) কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর আশুলিয়া থানার এসআই শাহাদাত হোসেনসহ সারোয়ার হোসেন, হাবিবুর রহমান ও মিজানুর রহমান নামের তিন কনস্টেবলকে প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্য হলেন: সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোয়ার হোসেন। তদন্ত কমিটির সদস্যরা ওই দিনই আশুলিয়া থানায় গিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট আরও কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করেন।তদন্ত কমিটির প্রধান ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে।ঢাকার এসপি মো. মিজানুর রহমান এক এসআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।