চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের ১৮ ভাগ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। জেলা উচ্চ রক্তচাপ কেন্দ্র এক মাস ধরে জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে।
পৌর এলাকার চরমোহনপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার সকালে এলাকার মানুষের সামনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য উপস্থাপন করে উচ্চ রক্তচাপ কেন্দ্র। এরপর প্রায় ২০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
কেন্দ্রের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত হৃদ্রোগ বিশেষজ্ঞ ওমর ফারুক বলেন, জরিপের আওতাভুক্ত পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৬৬৭ জন বাসিন্দা আছেন। তাঁদের মধ্যে ৪৩৬ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮০ ভাগই জানতেন না তাঁদের এই অবস্থার কথা। জরিপে জানা গেছে, খাদ্যে অতিরিক্ত লবণ ব্যবহার, ধূমপান ও পানে জর্দা খাওয়ার অভ্যাস থেকে উচ্চ রক্তচাপ হচ্ছে।
চরমোহনপুর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল আলম বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের নেতৃত্বে প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন ছাত্রছাত্রী এ জরিপে অংশ নেয়। ওমর ফারুক কেন্দ্রের পক্ষ থেকে শিক্ষার্থীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ দেন।
প্রধান অতিথি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান পৌরসভার প্রায় ৩৫০ জন বাসিন্দাকে ধূমপান, জর্দা, অতিরিক্ত লবণ না খাওয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার শপথ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চ রক্তচাপ কেন্দ্রের সভাপতি আবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন চিকিৎসক আবদুস সামাদ, আবদুল জাব্বার, আহসান হাবিব, সুনীল কর্মকার, লাইলা শিরিন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ।