আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাগেরহাটের মংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে আওয়ামী লীগের ২৩ জন নেতা-কর্মী দলীয় মনোনয়ন চেয়েছেন। এক ওয়ার্ডে একসঙ্গে এত নেতা-কর্মীর দলীয় মনোনয়ন চাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন তুলেছে।
মংলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু হানিফ মল্লিক বলেন, মিঠাখালী ইউপির ১ নম্বর ওয়ার্ডে দলীয় মনোনয়নের জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৩ জন নেতা-কর্মী ফরম জমা দিয়েছেন। বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক উকিলউদ্দিন ইজারদার, ওয়ার্ড যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল শেখসহ ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে ইউপি সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিন থেকে সর্বোচ্চ পাঁচজন দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু মিঠাখালীর ঘটনাটি ব্যতিক্রম।
এ ক্ষেত্রে স্থানীয় সাংসদ তালুকদার আবদুল খালেক ১৭ ফেব্রুয়ারি তাঁদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত জানাবেন।