এক ওয়ার্ডে দুই প্রার্থীকে বিজয়ী ঘোষণা
শরীয়তপুরের সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে দুইবার দুজন প্রার্থীকে বিজয়ী ঘোষণার ঘটনা ঘটেছে। এ নিয়ে প্রথম বিজয়ী ঘোষিত প্রার্থী নাছিমা আক্তার গতকাল শনিবার জেলা প্রশাসকের কাছে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ড মহিলা সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গণনা শেষে সবচেয়ে বেশি এক হাজার ২৪৭ ভোট দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রার্থী নাছিমা আক্তারকে (কলস প্রতীক) বিজয়ী ঘোষণা করেন। এ সময় তিনি ফলাফলের বিবরণী বিজয়ী প্রার্থীর হাতে হস্তান্তর করেন। কিন্তু কয়েক ঘণ্টা পর রিটার্নিং কর্মকর্তা আকলিমা আক্তারকে (টেলিভিশন প্রতীক) বিজয়ী ঘোষণা করেন। এতে দেখানো হয়, আকলিমা এক হাজার ২৩৩ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছিমা আক্তার এক হাজার ১৪৭ ভোট পেয়েছেন।নাছিমা আক্তার অভিযোগ করেন, ‘রিটার্নিং কর্মকর্তা প্রভাবিত হয়ে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিজয়ী ঘোষণা করেছেন।’রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তিন কেন্দ্রের মধ্যে মাকসাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভুলবশত নাছিমা আক্তারের কলস প্রতীকে ১০০ ভোট বেশি যোগ হয়েছে। এ কারণে প্রথম তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। পরে এই ভুল সংশোধন করে আকলিমাকে বিজয়ী ঘোষণা করা হয়।শরীয়তপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান জানান, ‘এ-সংক্রান্ত একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’