এক কক্ষে চার শ্রেণির পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক​ কক্ষে একই সঙ্গে চলছে দুই শ্রেণির পাঠদান। এ কক্ষেই আরও দুই শ্রেণির শিক্ষার্থীরা রয়েছে (ছবিতে দেখা যাচ্ছে না)। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক​ কক্ষে একই সঙ্গে চলছে দুই শ্রেণির পাঠদান। এ কক্ষেই আরও দুই শ্রেণির শিক্ষার্থীরা রয়েছে (ছবিতে দেখা যাচ্ছে না)। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট তীব্র। এখানে একটি কক্ষে চারটি শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও আজ পর্যন্ত কোনো ফল মেলেনি।
সম্প্রতি এক সকালে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের টিনের ঘরটি সংস্কারের অভাবে অর্ধেক ধসে পড়েছে। পাশেই দুই কক্ষের আধা পাকা একটি পরিত্যক্ত ভবন। পাঠদানের কক্ষটিতে ঢুকে দেখা যায়, একই কক্ষে চলছে শিশু, প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণির পাঠদান। পড়াচ্ছেন প্রধান শিক্ষক রুখসানা ফাহিমা ও সহকারী শিক্ষক ময়না আক্তার। দ্বিতীয় ও পঞ্চম শ্রেণির পাঠদান চললেও শিশু ও প্রথম শ্রেণির শিক্ষর্থীরা যে যার মতো কথা বলছে। এত হইচইয়ে যাদের পাঠদান চলছে, সেই সব শিক্ষার্থীরও পড়ায় কোনো মনোযোগ নেই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসনাত বলেন, নিম্নমানের কাজ হওয়ায় দুই কক্ষের আধা পাকা ভবনটি নির্মাণের ১৬ বছরের মাথায় পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা শিক্ষা কমিটি ও প্রকৌশল অধিদপ্তর। কক্ষ-সংকটের কারণে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত আধা পাকা ভবনের একটি কক্ষে পাঠাগার ও আরেকটিতে পাঠদান করা হয়।
প্রধান শিক্ষক রুখসানা জানান, প্রায় দেড় শ শিক্ষার্থী ও চারজন শিক্ষক নিয়ে ১৯৯৪ সালে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা ১৮৫ জন। কিন্তু এ পর্যন্ত বিদ্যালয়টিতে কোনো সংস্কারকাজই হয়নি। বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণার পর গত পাঁচ বছরে পরিস্থিতি জানিয়ে নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অন্তত ১৫ দফায় আবেদন জানানো হয়েছে। সর্বশেষ ৫ মার্চও এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন পাঠানো হয়েছে।
পরিচালনা কমিটির সদস্য গফুর সরদার ও ইউনুস ফকির বলেন, শিক্ষার্থীদের বসার জায়গা নেই, বেঞ্চও নেই। পাঠকক্ষের সংকটে চারটি শ্রেণির শিক্ষার্থীদের এক কক্ষে বসিয়ে পড়াতে হচ্ছে। জরুরিভাবে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের দাবি জানান তিনি।
শিক্ষক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব কসবা গ্রামের আবুল হাসেম ও আবুল কাসেম নামের দুই ব্যক্তির দান করা ৩৩ শতাংশ জমিতে এলাকাবাসীর সহায়তায় একটি টিনের ঘরে কমিউনিটি বিদ্যালয় হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে গেজেটভুক্ত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তফা মাসুদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটির জন্য নতুন ভবন নির্মাণ খুবই জরুরি। এখানে পড়াশোনার আসলে কোনো পরিবেশই নেই। উপজেলা শিক্ষা কমিটির অনুমোদন সাপেক্ষে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।