এক কক্ষে তিন শ্রেণির পাঠ

টিনের ছোট একটা ঘর। এই ঘরেই পড়াশোনা চলছে তিনটি শ্রেণির ৯০ জন শিক্ষার্থীর। এদের যখন ক্লাস হয়, তখন অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরা করতে হয়। কারণ, তাদের বসার কোনো ঘর নেই। ওই ঘরটি খালি হলে শুরু হবে তাদের ক্লাস।
এভাবেই চলছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গন্ডাদুলা এম এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রায় তিন বছর ধরে পরিত্যক্ত বিদ্যালয়ের একমাত্র পাকা ভবনটি। এরপর থেকে ওই টিনের ঘরেই কোনো রকমে চলছে পাঠদান।
৪ জুন দুপুরে সরেজমিনে দেখা গেছে, শিশু শ্রেণি, প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির প্রায় ৯০ জন শিক্ষার্থী টিনের ঘরটিতে পড়ছে। একটি ঘরেই ওই তিন শ্রেণির শিক্ষার্থীদের বসানো হয়েছে। একজন শিক্ষক বলেন, ঘরটির মধ্যে কোনো বেড়া নেই। একসঙ্গে তিনটি শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা করায় আওয়াজ খুব বেশি হয়।
ওই ঘরের পাশে পুরোনো একতলা জরাজীর্ণ ভবন। দালানের ছাদের পলেস্তারা খসে পড়েছে। পিলারগুলো থেকে লোহার রড বেরিয়ে এসেছে। ভাঙাচোরা ভবনটির একটি কক্ষে পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী তাদের ক্লাসের জন্য অপেক্ষা করছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোসা. লামিয়া জানায়, তাদের ক্লাস দুপুরে হয়। টিনের ঘরে গরম বেশি, রোদের তাপে তারা অতিষ্ঠ হয়ে যায়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির সুলতানা জানান, ১৯৭৫ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখন ১৯৪ জন শিক্ষার্থী আছে। আর শিক্ষক রয়েছেন দুজন। ১৯৯৩-৯৪ অর্থবছরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের টাকায় এখানে পাঁচ কক্ষবিশিষ্ট একতলা একটি ভবন হয়। এরপর ভবনটিতে আর কোনো সংস্কারকাজ করা হয়নি। ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় ২০১২ সাল থেকে ভবনটিতে আর পড়ানো হয় না। ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওই টিনের ঘরটি তৈরি করে দেয়। তবে সেখানে পর্যাপ্ত জায়গা না থাকায় পড়াতে সমস্যা হচ্ছে।
বেনজির সুলতানা আরও বলেন, শিক্ষকদের বসার কোনো কক্ষ নেই। প্রধান শিক্ষকের দপ্তর না থাকায় গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখা হচ্ছে বিদ্যালয়ের পাশের এক বাড়িতে। নতুন ভবনের জন্য কয়েকবার লিখিত আবেদন করা হয়েছে। তবে কোনো ফল মেলেনি।
বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আনোয়ার মাতুব্বর জানান, শ্রেণিকক্ষের সংকটের বিষয় নিয়ে ৩ জুন বিদ্যালয় চত্বরে অভিভাবকেরা এক সমাবেশ করেন। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সম্মিলিতভাবে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম সগীর সম্প্রতি বলেন, বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকটের বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।