এক কক্ষে দুই শ্রেণীর পাঠদান
বেশ কিছু শিক্ষার্থী রাস্তার ওপর ছোটাছুটি করছে। কয়েকজন বারান্দায় বইখাতা নিয়ে দাঁড়িয়ে আছে। কক্ষের ভেতরে দেখা গেল, একই কক্ষে পাশাপাশি দুটি শ্রেণীর পাঠদান চলছে। গাদাগাদি করে শিক্ষার্থীরা বসে আছে। এটি কুষ্টিয়া সদর উপজেলার ১৮ নম্বর লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। বিদ্যালয়ের শিক্ষক ও খুদে শিক্ষার্থী জানায়, প্রবল বর্ষণে বিদ্যালয়ের টিনের চালার চারটি শ্রেণীকক্ষে পানি জমে যাওয়ায় এমনটি হয়েছে। ১০ মিনিটের বৃষ্টিতেই শ্রেণীকক্ষে পানি ঢুকে যায় বলে জানায় তারা। পঞ্চাশের দশকে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির টিনের চালার শ্রেণীকক্ষগুলোর ছাউনির কয়েক জায়গায় টিন উঠে গেছে। বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে হাঁটুপানি জমে যায়। বিদ্যালয়ে বর্তমানে ৬২৯ জন শিক্ষার্থী রয়েছে। গত শনিবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সামনে ছোট একটি মাঠ, সেখানে পানি জমে স্যাঁতসেঁতে আকার ধারণ করেছে। টিনের ছাউনি দিয়ে সূর্য দেখা যায়। ওই ভবনে চারটি কক্ষে হাঁটুপানি রয়েছে। বেঞ্চ আর চেয়ারগুলো পানির ওপর ভাসছে। নতুন পাকা ভবনের একটি কক্ষে কার্যালয় ও বাকি দুটিতে ক্লাস নেওয়া হয়। সেখানেও রয়েছে আসনস্বল্পতা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল করিম বলেন, প্রতিবছর এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ট্যালেন্টপুলে বৃত্তি পায়। শিক্ষার্থীর সংখ্যারও অনেক বেশি। টিনের চালার ভবনে পানি জমে যাওয়ায় নতুন ভবনের দুটি কক্ষে ভাগাভাগি করে ক্লাস নিতে হচ্ছে; এমনকি একই কক্ষে দুটি শ্রেণীর ক্লাস নিতে হচ্ছে। সবচেয়ে কষ্টের কথা, কক্ষের অভাবে প্রথম শ্রেণীর ক্লাস নেওয়াই যাচ্ছে না। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মির্জা গোলাম মহাম্মদ বেগ প্রথম আলোকে বলেন, ‘গত ২৫ সেপ্টেম্বর ওই বিদ্যালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন সহকারী পরিচালক পরিদর্শন করেছেন। তিনি ছবি ও প্রতিবেদন ঢাকার দপ্তরে জমা দিয়েছেন। আশা করা যাচ্ছে, খুব দ্রুত বিদ্যালয়ের টিনের চালার ভবনটি সাময়িকভাবে সংস্কার করা হবে।’