এক কক্ষে পাঁচ শ্রেণীর পাঠদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ের নিজস্ব ভবন নেই। ভবনটি দুই বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় লোকজনের আর্থিক সহায়তায় নির্মিত একটি টিনের ছাউনি দেওয়া ঘরে এখন জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে বিদ্যালয়ের কার্যক্রম। শ্রেণীগুলোকে আলাদা করার জন্য কোনো বেড়া নেই। একটি বড় কক্ষে সব শ্রেণীর পাঠদান করা হচ্ছে। এতে শিক্ষার্থী-দের শোরগোলে পাঠদানের কাজ ব্যাহত হচ্ছে।এই দুরবস্থা পিরোজপুরের ভাণ্ডারিয়া উপ-জেলার ধাওয়া ইউনিয়নের ৫৩ নম্বর সি রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।প্রধান শিক্ষক মাধবী রানী বলেন, ২০১০ সালে বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণার পর মূল ভবনের কিছু দূরে স্থানীয় এক জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের এক নেতার সহায়তায় ৫৩ হাজার টাকা ব্যয়ে টিনের ঘর নির্মাণ করা হয়। শ্রেণিকক্ষের বেড়া (বিভক্তি বেড়া) না থাকায় পাঠ দেওয়ার সময় এক কক্ষের শব্দ অন্য কক্ষে চলে যায়। এতে শোরগোলের সৃষ্টি হওয়ায় পাঠদান ব্যাহত হয়। এই বিদ্যালয়ের সামনের অংশ খোলা। বৃষ্টি হলেই ভেতরে পানি ঢুকে যায়।প্রধান শিক্ষক আরও জানান, বিদ্যালয়ে কোনো শৌচাগার নেই। এ কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা পাশের বাড়িতে গিয়ে শৌচাগার ব্যবহার করছে। কিন্তু বৃষ্টির দিনে তা-ও ব্যবহার করা যায় না।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ওই বছরই একটি পাকা ভবন নির্মাণ করা হয়। এখানে ১৫৫ জন শিক্ষার্থী লেখাপড়া করে। শিক্ষকের সংখ্যা চারজন। বিদ্যালয়ের সব শ্রেণীর পাঠদান ওই টিনের ঘরের একটি লম্বা কক্ষে দেওয়া হয়। একটি শ্রেণী থেকে অপর শ্রেণীকে আলাদা করার জন্য কোনো বেড়া দেওয়া হয়নি। শুধু চেয়ার ও টেবিল বসিয়ে শ্রেণীগুলো আলাদা করা হয়েছে। উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল আলম বলেন, ওই বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণের অনুরোধ জানিয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।