চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে বিজ্ঞান অনুষদের অধীনে নতুন বিভাগ হিসেবে যাত্রা শুরু হয় ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের। বর্তমানে প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে ওই বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ৫৫ জন। বিভাগের কোনো গবেষণাগার ও সেমিনার কক্ষ নেই। ধার করা একটি শ্রেণীকক্ষে চলছে ক্লাস-পরীক্ষাসহ বিভাগের সব কার্যক্রম।
খোঁজ নিয়ে জানা যায়, ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের শিক্ষকদের জন্যও নেই কোনো কক্ষ। রসায়ন বিভাগ থেকে ধার করা একটি কক্ষে সব কার্যক্রম চালানো হচ্ছে।
নিজস্ব শ্রেণীকক্ষ, গবেষণাগার ও সেমিনার কক্ষের দাবিতে গতকাল মঙ্গলবার ক্লাস বর্জন করে অনুষদের ডিন কার্যালয়ের সামনে দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগের কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, শ্রেণীকক্ষের অভাবে তাঁদের নিয়মিত ক্লাস হয় না। ব্যবহারিক ক্লাসের জন্য নেই কোনো গবেষণাগার। নেই সেমিনার কক্ষও। ফলে তাঁরা সব দিক থেকেই পিছিয়ে পড়ছেন। দীর্ঘদিন ধরে তাঁরা এসব ব্যাপারে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে এলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা ক্লাস বর্জন করে কর্মসূচি পালনে বাধ্য হয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিভাগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘রসায়ন বিভাগ থেকে ধার করা একটি কক্ষে আমরা সব কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দাপ্তরিক কার্যক্রম চালানোর জন্যও কক্ষ নেই। সেমিনার কক্ষ, গ্রন্থাগার কিংবা গবেষণাগার তো দূরের কথা, একটি টয়লেটও নেই আমাদের বিভাগের জন্য।’
তিনি বলেন, ‘৩০ জুনের মধ্যে কর্তৃপক্ষ আমাদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’
বিজ্ঞান অনুষদের ডিন মো. আবদুল করিম ছুটিতে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘সবার সঙ্গে কথা বলে শিগগিরিই বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।’