হাসপাতালের সাধারণ ওয়ার্ড ভেবে যে কেউ ভুল করতে পারেন। একটি কক্ষের মধ্যে ১৬টি খাট। থাকেন ৪০ জন তরুণী। একটু ভালো করে লক্ষ করলে দেখা যাবে, কেউ পড়াশোনা করছেন, কেউ বা কম্বলে চোখমুখ ঢেকে ঘুমাচ্ছেন, আবার কেউ কেউ খোশগল্প করছেন বা পড়াশোনা নিয়ে আলাপ করছেন। এটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের ‘গণরুম’। হলে আসন সংকটের কারণে ছাত্রীদের কমনরুমটিকে কর্তৃপক্ষ গণরুম বানিয়েছে। এ কক্ষে সম্প্রতি উঠেছেন বাংলা প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার বাড়ি বরিশালে। চট্টগ্রামে পরিচিত কেউ না থাকায় নিরাপত্তার কারণে এখানে উঠেছি। কক্ষে অনেকে থাকায় পড়াশোনা এবং ঘুমের খুব সমস্যা হচ্ছে।’গণিত দ্বিতীয় বর্ষের সাইফুন নাহার জানান, গণরুমে একেবারেই পড়ার পরিবেশ নেই। পরীক্ষার সময় খুবই সমস্যা হয়। কারও পরীক্ষা শুরু তো কারও শেষ। ফলে পড়াশোনা বিঘ্নিত হয়। এক খাটে দুজন, এমনকি তিনজনকেও থাকতে হয়। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, ৪০ জন ছাত্রীর জন্য শৌচাগার মাত্র একটি। সকালে ক্লাসে যাওয়ার আগে দীর্ঘ সারি।খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমরা কমনরুমের অংশবিশেষে গণরুমের ব্যবস্থা করেছি। যেসব ছাত্রী দূর-দূরান্ত থেকে আসে, যাদের থাকার কোনো জায়গা নেই, শুধু তাদেরই গণরুমে থাকতে দেওয়া হয়। এ কক্ষে ১৬টি খাটে ৪০ জন ছাত্রীর থাকার ব্যবস্থা করেছি।’ আরেক ছাত্রীহল শামসুন নাহারেও আছে গণরুম। হলের ক্যানটিনের রান্নাঘরটিকে ‘গণরুম’ বানানো হয়েছে। একই হলের আরও তিনটি কক্ষকে গণরুম করা হয়েছে। এ চারটি গণরুমে থাকছেন ৪৪ জন ছাত্রী।শামসুন নাহার হলের গণরুমে থাকা এক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমরা ১২ জন গাদাগাদি করে থাকি। ঘরজুড়ে ছড়ানো থাকে বইপত্র আর কাপড়। এখানে পড়াশোনা দূরের কথা, বসে থাকতেও দম বন্ধ হয়ে আসে।’ হলের প্রাধ্যক্ষ এস এম খোরশেদ আলম বলেন, ‘আসন কম থাকায় শামসুন নাহার হলের চারটি কক্ষে ৪৪ জন ছাত্রীর থাকার ব্যবস্থা করতে হয়েছে।’ খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেয়েদের চারটি হলে প্রায় এক হাজার ৭২৩ জন ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসংখ্যা প্রায় পাঁচ হাজার ২২৪ জন। মাত্র ৩২ শতাংশ ছাত্রী আবাসনসুবিধা পাচ্ছেন। শহর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ে ছেলেদের থাকার জন্য কটেজ ও ভাড়া বাসাসহ কিছু বিকল্প ব্যবস্থা আছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এসব সুবিধা নেই। ফলে চট্টগ্রাম শহরে যাঁদের আত্মীয়-স্বজন নেই, তাঁরা বাধ্য হয়েই গণরুমে উঠছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গণরুম সম্পর্কে আমি জেনেছি। একই সঙ্গে ৪০ জন ছাত্রীর থাকা কষ্টের ব্যাপার। আসন কম থাকায় হল কর্তৃপক্ষকে বাধ্য হয়েই এ ব্যবস্থা করতে হয়েছে। এ সমস্যার সমাধানে আমরা কাজ করছি।’