এক কক্ষের উপস্বাস্থ্যকেন্দ্র
রোগীর দীর্ঘ সারি। তারা একে একে চিকিৎসকের টেবিলে যাচ্ছে, দায়িত্বরত চিকিৎসক অসুখের বিস্তারিত শুনছেন। কারও কারও রক্তচাপ, নাক, চোখ পরীক্ষা করছেন। ব্যবস্থাপত্র লিখছেন। ব্যবস্থাপত্র হাতে পেয়ে রোগীরা যাচ্ছে ফার্মাসিস্টের টেবিলে। সেখান থেকে ওষুধ নিচ্ছে। সবই হচ্ছে একটি টিনের ছাউনি দেওয়া কক্ষে।
উত্তরা ৪ নম্বর সেক্টরের শাহজালাল অ্যাভিনিউয়ে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী আজমপুর উপস্বাস্থ্যকেন্দ্রের মিয়মিত দৃশ্যটি এমনই। গতকাল সোমবার সেখানে গেলে চোখে পড়ে নারী-পুরুষ, শিশু ও স্কুল-কলেজ শিক্ষার্থীসহ নানা বয়সী লোকের উপস্থিতি। অধিকাংশই এসেছে মৌসুমি রোগ, জ্বর, সর্দি-কাশি, ব্যথা ও মাতৃত্বকালীন চিকিৎসা ও পরামর্শ নিতে। চিকিৎসক আছেন, ওষুধও আছে। কিন্তু একটি কক্ষেই গাদাগাদি করে সব কাজ করতে হচ্ছে। ফলে ব্যবস্থাপনা ভালো হচ্ছে না।
দেখা যায়, বড় একটা কক্ষের কয়েকটি অংশে চেয়ার-টেবিল পেতে চলছে চিকিৎসাসেবা ও পরামর্শ সহায়তার কাজ। উপস্বাস্থ্যকেন্দ্রে তিনটি ভাগে সেবা প্রদান করা হলেও বিভাগগুলোর জন্য আলাদা কোনো কক্ষের ব্যবস্থা নেই। রোগীদের বসার ব্যবস্থাও অপ্রতুল। এ নিয়ে আক্ষেপ জানিয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ফাতেমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী আমাদের সব বিভাগই আলাদা থাকার কথা। বিভাগগুলো আলাদা না হওয়ায় একটি ঘরের মধ্যেই সব কাজ চালাতে হচ্ছে। এক ঘরের মধ্যে সব কাজ করা যায় না। উপায় না পেয়ে করতে হচ্ছে।’
চিকিৎসকেরা জানান, দিনে এখানে প্রায় ৭০ থেকে ১০০ জন লোক সেবা নিতে আসে। এখানে রোগী ও চিকিৎসকদের জন্য আলাদা কোনো বাথরুম নেই। জায়গার সংকট রয়েছে। এমনকি মেডিকেল কর্মকর্তারও আলাদা বসার ঘর নেই। নারী রোগীদের বিভিন্ন পরীক্ষা কারানোর জন্য আলাদা ঘর লাগে, তা-ও নেই। ফলে খানিকটা খোলামেলা পরিবেশেই এসব রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়।
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা পারভিন নাহার বলেন, ‘বাড়িতে কারও সমস্যা হলেই আমরা এখানে আসি, চিকিৎসা নিই। ডাক্তার আপারা খুবই ভালো। শুধু ওষুধ দেন না, সুস্থ থাকার পরামর্শও দেন।’
স্বাস্থ্যকেন্দ্রটি রয়েছে গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে। ওষুধপথ্য সেখান থেকেই আসে। পরিবার পরিকল্পনা বিভাগের একজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কেন্দ্রের দেখাশোনা করেন। এটি গড়ে উঠেছে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের অনুদানকৃত জায়গায়। ভবনটি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
এখানে কর্মরত আছেন একজন মেডিকেল কর্মকর্তা, দুজন উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা, একজন ফর্মাসিস্ট ও একজন করনিক। চিকিৎসকেরা জানান, সেবা নিতে আসা ব্যক্তিদের অধিকাংশই নারী। বেশির ভাগই আসেন গর্ভকালীন সমস্যা নিয়ে। তবে পুরুষ, শিশু ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও আসে। আশকোনা, কোটবাড়ি, উত্তরখান, দক্ষিণখান, মাস্টারপাড়া, আজমপুর রেলগেটের আশপাশসহ উত্তরার বিভিন্ন অঞ্চলের লোক এখানে আসে। ওষুধ দেওয়া হয় বিনা মূল্যে। এ ছাড়া সপ্তাহের প্রতি রোববার কুষ্ঠরোগের চিকিৎসা দেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসাসেবার পাশাপাশি মেলে পরিবার পরিকল্পনা বিষয়ের পরামর্শ সহায়তা। খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি স্বাস্থ্যসেবা প্রদানের উপযোগী নয়, এমনটি জানিয়ে ফার্মাসিস্ট শিরিন নাহার বলেন, বৃষ্টির দিনে টিনের ছাউনি থেকে পানি পড়ে। গরমের সময় তাপে শরীরে জ্বালা ধরে যায়। তিনি আরও বলেন, এখানে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে। প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার লোক সেবা নিতে আসে। প্রয়োজন মানসম্মত অবকাঠামোর।