এক কক্ষের প্রাথমিক বিদ্যালয়!

চাল ও বেড়া দুটোই টিন দিয়ে তৈরি। একটি অপরিসর কক্ষে বিদ্যালয়ের পাঁচটি শ্রেণির কার্যক্রম চলে। কক্ষের পাশে দাঁড়িয়ে আছে ২০ বছরের পুরোনো পাকা ভবন। উপজেলা পরিষদ এ ভবনটি গত বছর ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার দুর্গম সিন্দুকছড়ি ইউনিয়নের গোয়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরিস্থিতিতে শ্রেণি কার্যক্রম চলছে। বিদ্যালয়টি মহালছড়ি উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
সরেজমিনে দেখা যায়, পাকা ভবনের ছাদ ও দেয়ালে ফাটল ধরেছে। যত্রতত্র পলেস্তারা খুলে পড়ে লোহার রড বেরিয়েছে। বারান্দার সব পিলারে কংক্রিট, সিমেন্ট, বালু খসে পড়ে শুধু লোহার রড নিয়েই দাঁড়িয়ে আছে। বর্ষায় ছাদ দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ে। দরজা-জানালা ভাঙা। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বর্তমানে টিনের চালা ও বেড়ার একটি ঘর নির্মাণ করা হয়েছে। সেখানেই গাদাগাদি করে শিক্ষার্থীরা বসে শিক্ষা নিচ্ছে। গরমে এই ঘরে থাকা দুষ্কর।
বিদ্যালয়ের নথি থেকে জানা যায়, ১৯৬৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। জাতীয়করণ হয় ১৯৭৩ সালে। তিন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন দুইজন। প্রধান শিক্ষককের পদ খালি। শিক্ষার্থীর সংখ্যা ৬৪।
সিন্দুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুইনাপ্রু চৌধুরী বলেন, ১৯৯৩ সালে এই ভবনটি নির্মাণ করা হয়েছিল। সে সময় এই এলাকায় যাতায়াতের কোনো রাস্তা ছিল না। রামগড় উপজেলার জালিয়াপাড়া থেকে প্রায় ১৫ কিলোমিটারের অর্ধেক অংশ গরুর গাড়িতে, অর্ধেক অংশ কাঁধে করে সিমেন্ট, রড, ইট নিতে হয়েছিল। এই পরিস্থিতিতে ভবনটি নির্মাণ করার কারণে সে সময়ও কাজের মান ভালো হয়নি। তাই ভবনটি কম সময়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব বলেন, ভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ার বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের গত বছর জানিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে এখনো কোনো বরাদ্দ আসেনি। কিছুদিন পর উপজেলায় শিক্ষাসংক্রান্ত বৈঠক হবে। এ বৈঠকে বিদ্যালয় নিয়ে আবারও আলোচনা হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যাত্রা মোহন চাকমা বলেন, এলাকাটি অত্যন্ত দুর্গম, এখানকার জনসাধারণ তেমন সচেতন নন। বিদ্যালয় ভবনটি ধসে পড়ার উপক্রম হলেও প্রশাসনের কাছে কেউ তদবির করতে যায়নি। তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সব সময় আতঙ্কের মধ্যে থাকেন বলে জানান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্রাচিং মারমা বলেন, শিশুদের শিক্ষা দিতে হলে বিদ্যালয়ের ন্যূনতম শিক্ষার পরিবেশ থাকা প্রয়োজন। এ বিদ্যালয়ে সেটিওর অভাব রয়েছে। ঝুঁকির মধ্যেও শিক্ষকেরা ভবনের একটি কক্ষে বসতে বাধ্য হচ্ছেন।