কক্সবাজারেই ৪৬ হাজার একর বনভূমি বেদখল
কক্সবাজারের কলাতলী হোটেল–মোটেল এলাকার পাশ দিয়ে যাওয়া সড়ক ধরে কিছুদূর এগোলে চোখে পড়বে উঁচু পাহাড়ের ঢাল। ওই পথ ধরে যতদূর এগোনো যাবে, শুধু পাহাড়ের ধ্বংসস্তূপ আর হরেক রকম নির্মীয়মান ও নির্মাণ শেষ হওয়া অবকাঠামো দেখা যাবে। কক্সবাজারের ইতিহাস বলে ঝিলংজা মৌজার ওই এলাকার পুরোটা একসময় উঁচু উঁচু পাহাড়ে ঘেরা ছিল। শুধু কক্সবাজার সদর নয়, জেলার রামু, মহেশখালী থেকে শুরু করে কুতুবদিয়া বা সোনাদিয়া দ্বীপজুড়ে বনভূমির নিধনযজ্ঞ বেশি দেখা যাবে।
সরকারি সংস্থা বন বিভাগের হিসাবে কক্সবাজারের ২ লাখ ৬০ হাজার একর বনভূমির মধ্যে প্রায় ৪৬ হাজার একর বেদখল হয়ে আছে। সেখানে ৪৩ হাজার ৫৫৮ ব্যক্তি ও ৬৯৬টি প্রতিষ্ঠান অবৈধভাবে সেখানকার জীববৈচিত্র্যসমৃদ্ধ বন দখল করে আছে। প্রায় প্রতিদিন এসব বনভূমির গাছ আর পাহাড় কেটে সেখানে নিত্যনতুন স্থাপনা গড়ে তোলা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি বনভূমি উদ্ধার নিয়ে উচ্চ আদালতে মামলা রয়েছে। বন বিভাগ থেকে এসব বনভূমি উদ্ধারের জন্য বার বার চিঠিও দিচ্ছে। কিন্তু বন দখলমুক্ত না হয়ে বরং আরও বেশি দখলের শিকার হচ্ছে।
কক্সবাজারে কারা কীভাবে বন ধ্বংস করছে, তা নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) যৌথভাবে কক্সবাজারের বনভূমি ধ্বংস হওয়া নিয়ে একটি গবেষণা করেছে। তাতে দেখা গেছে, কক্সবাজার জেলায় বন ধ্বংসে এগিয়ে রয়েছে খোদ সরকারি সংস্থাগুলো। নিয়মিতভাবে নিত্যনতুন সরকারি সংস্থা সেখানকার বনভূমি ইজারা নেওয়ার জন্য আবেদন করে চলেছে। অনেক সংস্থা অনুমোদন নেওয়ার আগেই সেখানে স্থাপনা গড়ে তুলছে।
এ বিষয়ে জানতে চাইলে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, উন্নয়ন প্রকল্পের নামে আর সরকারি সংস্থাগুলোর কার্যালয় স্থাপনের নামে কক্সবাজারকে বনভূমি শূন্য করা হচ্ছে। কীভাবে একটি দেশের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্যপূর্ণ এলাকা ধ্বংস হতে পারে, তার বড় উদাহরণ হতে পারে কক্সবাজার। অথচ সেখানকার বনভূমির উন্নয়ন এবং জীববৈচিত্র্য রক্ষা করাই হতে পারত উন্নয়নের মূল বিষয়।
বেলা ও ইয়েসের ওই গবেষণায় দেখা গেছে, কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য যে পরিমাণে বনভূমি বরাদ্দ দেওয়া হয়েছে, তার চেয়ে প্রায় আড়াই গুণ বেশি বনভূমি খোদ সরকারি সংস্থাগুলো বরাদ্দ নিয়েছে। রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসার পর রান্নার জন্য জ্বালানি কাঠ সংগ্রহে একের পর এক পাহাড়ি বন উজাড় করছিল। গত দুই বছর সেখানে বিকল্প হিসেবে এলপিজি গ্যাস দেওয়া হচ্ছে। ফলে রোহিঙ্গা শিবিরের আশপাশের বনগুলো আবারও সবুজ হয়ে উঠছে। কিন্তু সরকারি সংস্থাগুলোর নামে বরাদ্দ পাওয়া জমিগুলোর বন কেটে তৈরি করা হচ্ছে নানা অবকাঠামো।
গবেষণায় বলা হয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গাদের বড় ঢল বাংলাদেশে আসার পর তাদের টেকনাফ ও উখিয়ার ৬ হাজার ১৬৪ একর বনভূমিতে আশ্রয়শিবির স্থাপনের অনুমতি দেওয়া হয়। বন বিভাগের কাছ থেকে ওই সংরক্ষিত বনভূমির তালিকা থেকে বাদ দেওয়া হয়। অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বন্দোবস্ত দেওয়া জমির পরিমাণ হচ্ছে ১৪ হাজার ৩৭২ একর। যার বড় অংশ সরকারি সংস্থা। এসব জায়গায় সরকারি সংস্থাগুলো কার্যালয়সহ নানা স্থাপনা নির্মাণ করছে।
এ বিষয়ে কক্সবাজারের উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা কক্সবাজারের বনের অবৈধ দখলদারদের তালিকা জেলা প্রশাসনের কার্যালয়ে দিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য আবেদন করেছি। আর অগ্রাধিকার ভিত্তিতে বন দখলকারীদের উচ্ছেদের কাজ শুরু করেছি।’
জানতে চাইলে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, সরকারি যেসব সংস্থার নামে কক্সবাজারের বনভূমি বরাদ্দ দেওয়া হয়েছে তা যথাযথ সরকারি নিয়ম মেনে করা হয়েছে। আর জবরদখল করা বনভূমিকে অনেকে মালিকানা দাবি করে মামলা করেছেন। তবে একদম কোনো আইনি জটিলতা নেই, কিন্তু কেউ দখল করে আছে এমন বনভূমির তালিকা বন বিভাগ থেকে দেওয়া হলে অবশ্যই তা উচ্ছেদে সহযোগিতা করা হবে।
গবেষণায় দেখা গেছে, কক্সবাজারে এককভাবে সবচেয়ে বেশি বনভূমি বরাদ্দ নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। সংস্থাটি সোনাদিয়া দ্বীপ ও টেকনাফের ৮ হাজার ৮৮৫ একর জমি ইজারা নিয়েছে। সেখানে তারা শিল্প ও পর্যটন অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এর বাইরেও মহেশখালী ও কুতুবদিয়ায় কয়েক হাজার একর বনভূমি বরাদ্দ নেওয়ার জন্য আবেদন করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে ২০২ দশমিক ২৪ একর ও ডুলাহাজারা খ্রিষ্টান মেমোরিয়াল হসপিটালকে ১৪ দশমিক ২৪ একর বনভূমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে সরকারের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীগুলোর নামেও বিপুল পরিমাণে বনভূমি বরাদ্দ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, কক্সবাজার হচ্ছে দেশের একমাত্র এলাকা যেখানে পাহাড়ি ও সমতল ভূমি থেকে শুরু করে দ্বীপে গড়ে ওঠা ম্যানগ্রোভ বনভূমি রয়েছে। মিষ্টি পানির নদী দিয়ে শুরু হয়ে তা সমুদ্রের নোনাপানির সঙ্গে মিশেছে। সে কারণে ওই অঞ্চলকে বাংলাদেশের সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ এলাকা বলা হয়।
প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাকিবুল আমীন প্রথম আলোকে বলেন, ঝড়-জলোচ্ছ্বাস থেকে কক্সবাজার অঞ্চলের উপকূলকে রক্ষায় ওই বনভূমি রক্ষাকবজের ভূমিকা পালন করছে। আর এশীয় বন্য হাতির অন্যতম বিচরণস্থলসহ দেশের বিলুপ্তপ্রায় অনেক বন্য প্রাণীর আশ্রয়স্থল এই জেলার বনভূমি। ফলে এখানকার বনভূমিগুলো জরুরি ভিত্তিতে উদ্ধার করে জীববৈচিত্র্যের জন্য সংরক্ষণ করা উচিত।