এক কনস্টেবলের গুলিতে আরেক কনস্টেবল আহত
হাইকোর্টে দায়িত্ব পালনকারী পুলিশের এক কনস্টেবলের শর্টগানের গুলিতে মো. নাসিদুল (২৩) নামের আরেক কনস্টেবল আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহত নাসিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, অসতর্কতাবশত শর্ট গানের গুলি বের হয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নাসিদুল আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন কনস্টেবল। আজ হাইকোর্ট এলাকায় তিনি দায়িত্ব পালন করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর দায়িত্ব শেষ হয়। তিনি পরবর্তী সময়ের জন্য আসা কনস্টেবল মিজানের কাছে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন। দায়িত্ব বুঝে নেওয়ার আগে মিজান তাঁর সঙ্গে থাকা শটগান পরখ করে নিচ্ছিলেন। তখনই অসতর্কতাবশত একটি গুলি বের হয়ে নাসিদুলের বাম পায়ের ঊরুতে লাগে। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শটগান চেক করতে গিয়ে মিসফায়ারে গুলি লেগেছে। বড় কোনো অঘটন ঘটেনি।’