এক কমিটিতে যুগ পার
গাজীপুর জেলা ছাত্রদলের সবশেষ কমিটি গঠিত হয় ২০০৩ সালের ফেব্রুয়ারিতে। প্রায় এক যুগ ধরে নতুন কমিটি না হওয়ায় ঝিমিয়ে পড়েছে ছাত্রদলের কার্যক্রম। এ কারণে বিগত দিনের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা দেখা যায়নি।
ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন, দলীয় কোন্দল আর ক্ষমতা ধরে রাখার কারণেই ওই অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত নতুন কমিটি গঠন করা না হলে রাজনৈতিক কর্মসূচিতে ছাত্রদলের নেতা-কর্মীদের আর দেখাই যাবে না। টঙ্গী থানা ও পাঁচটি উপজেলাতেও একই অবস্থা বিরাজ করছে। কমিটিতে স্থান পাওয়া নেতাদের অধিকাংশেরই ছাত্রত্ব নেই।
জেলা ছাত্রদলের সভাপতি সরাফত হোসেন একই সঙ্গে গাজীপুর জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, একজন ব্যবসায়ী ও টঙ্গী থানা বিএনপির নেতৃত্ব দেন। সাধারণ সম্পাদকের পদে থেকেও হান্নান মিয়া ওরফে হান্নু গাজীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত একজন কাউন্সিলর।
ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী জানান, গাজীপুর জেলা ছাত্রদলের কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের নেতা-কর্মীরা বেশ কয়েকবার উদ্যোগ নেন। কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতা, জেলা বিএনপি ও ছাত্রদলের বর্তমান কমিটির নেতাদের মধ্যে কোন্দলের কারণে সেসব উদ্যোগ ব্যর্থ হয়ে যায়। এক বছর আগে কমিটি গঠন করার উদ্যোগ নেওয়ার পর একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। ওই কমিটির দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম ওরফে ফিরোজ ও যুগ্ম সম্পাদক শাহ আলম চৌধুরী। তাঁরা জেলার বিভিন্ন ইউনিট নিয়ে পর্যালোচনা ও প্রার্থীদের যোগ্যতা যাচাই-বাছাই করে কেন্দ্রীয় ছাত্রদলের কাছে প্রতিবেদন দেন। কিন্তু এর পরও কমিটি গঠনের কার্যক্রম থেমে যায়।
এক মাস আগে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ মৌখিকভাবে বেশ কয়েকবার কমিটি গঠনের তারিখ ঘোষণা করেন। কিন্তু জেলার প্রভাবশালী নেতাদের সঙ্গে সমন্বয় না হওয়ায় কমিটি গঠন প্রক্রিয়া থেমে যায়। অপরদিকে জেলা ছাত্রদলের কমিটি না হওয়ার কারণে টঙ্গী থানা ও গাজীপুরের পাঁচটি উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার কমিটিও গঠন করা যাচ্ছে না। এতে করে ছাত্রদলে নতুন করে নেতৃত্ব সংকট দেখা দিয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কয়েকবার গাজীপুর জেলা ও মহানগর কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও জেলা বিএনপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপের কারণে তা হয়নি। জেলা ও মহানগরে কেন্দ্রীয় নেতাদের অনেকেরই নিজেদের পছন্দের প্রার্থী রয়েছেন। তাঁদের পছন্দের একাধিক প্রার্থী থাকার কারণে কমিটি গঠনের কার্যক্রম বন্ধ রয়েছে।
জেলা ছাত্রদলের সদস্য দেওয়ান জসিম উদ্দিন ও আতাউর মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে এক কমিটি থাকায় নতুনেরা জায়গা পাচ্ছেন না। এ ছাড়া নতুন কমটি গঠন করা হলে ছাত্রদলের নেতা-কর্মীরাও রাজনীতিতে সক্রিয় হবেন।
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সরাফত হোসেন বলেন, ‘আমরা দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এ ছাড়া, ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।’
কেন্দ্রীয় ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবেদুর রহমান বলেন, কমিটি গঠনের জন্য সভাপতি ও সম্পাদক বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছেন। কিন্তু স্থানীয় নেতা-কর্মীদের সমন্বয়হীনতার কারণে তা হয়ে ওঠেনি। এ জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।