এক কম্পিউটার তিন শ্রেণীকক্ষ পৌর এলাকায় বিশ্ববিদ্যালয়!
রাজশাহীতে দুই মাস আগে একটি কম্পিউটার ও তিনটি শ্রেণীকক্ষ নিয়ে চালু করা হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির একটি ক্যাম্পাস। রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে একটি নির্মাণাধীন ভবনে এ বিশ্ববিদ্যালয় চালু করা হয়। ক্যাম্পাসটির নাম দেওয়া হয়েছে কাটাখালী ক্যাম্পাস। তাদের দাবি, তারা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে। তাদের বর্তমান শিক্ষার্থী ৫৬ জন।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুসারে বেসরকারি বিশ্ববিদ্যালয় মূল বিশ্ববিদ্যালয়ের বাইরে (আউটার) কোনো ক্যাম্পাস খুলতে পারবে না। সে হিসাবে এই ক্যাম্পাস অবৈধ।রাজশাহীর স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, এটা ১৯৯০ সালের সোসাইটি আইনে পরিচালিত। সরকার অনুমোদিত রেজি. নম্বর এস ৬৭৮/১৩। এখানে বিবিএ, ইংরেজি (অনার্স), সমাজবিজ্ঞান (অনার্স), এমবিএ, এমএ, আইন (অনার্স), টিএইচডিসহ মোট আটটি বিষয়ে পড়ানো হয়, যার প্রধান শাখা ঢাকার উত্তরায় অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে বিবিএ কোর্সের টিউশন ফি নেওয়া হচ্ছে এক লাখ ৮০ হাজার টাকা। ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের জন্য এক লাখ ৫৬ হাজার টাকা, দুই বছর মেয়াদি এমবিএ কোর্সের জন্য এক লাখ ছয় হাজার টাকা, এক বছর মেয়াদি কোর্সের জন্য ৪২ হাজার টাকা, দুই বছর মেয়াদি এমএ কোর্সের জন্য এক লাখ ছয় হাজার টাকা ও এক বছর মেয়াদি কোর্সের জন্য ৮২ হাজার টাকা। ২৭ মার্চ সকালে এই বিশ্ববিদ্যালয়ের কাটাখালী ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ঢাকা-রাজশাহী মহাসড়কের উত্তর পাশে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির সাইনবোর্ড রয়েছে। এর চারতলায় স্বদেশ প্রপার্টিস ও নিচতলার পূর্ব পাশে ওয়ালটন কোম্পানির বিক্রয়কেন্দ্র। নিচতলার অন্য পাশে এই বিশ্ববিদ্যালয়ের কার্যালয়। কার্যালয়ে গিয়ে একজন কর্মকর্তাকে পাওয়া যায়। অভ্যর্থনায় একজন নারী ও শ্রেণীকক্ষে একজন আয়াকে পাওয়া যায়। কর্মকর্তার নাম আবু সাইদ। তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিসার হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, তৃতীয় তলায় তিনটি কক্ষে তাঁদের পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। কারিগরি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার (ল্যাবরেটরি) থাকে। এ বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার কোথায়, জানতে চাইলে তিনি তিনতলার ছোট একটি ঘর দেখিয়ে বলেন, এটাই তাঁদের গবেষণাগার। এর ভেতরে একটিমাত্র কম্পিউটার দেখা যায়। তিনটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার কিছু আয়োজন থাকলেও কোনো শিক্ষার্থী ও শিক্ষককে পাওয়া যায়নি। আবু সাইদ জানান, তাঁদের অন্য জায়গায় গবেষণাগার করা হবে। কিন্তু ওই ঘরটি এখনো মেরামত করা হয়নি। সেই ঘরের দরজা-জানালার কিছু কাজ বাকি আছে।তিনি বলেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট ১২ জন শিক্ষক ও ১৪ জন বিভিন্ন পদের কর্মচারী আছেন। শিক্ষকদের মধ্যে নয়জন এলাকার বিভিন্ন এমপিওভুক্ত কলেজের প্রভাষক। আর বাকিরা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা ছাত্র। মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, মূল শহরের বাইরে হওয়ার কারণে তাঁরা কিছুটা সুবিধা পাচ্ছেন। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য তাঁরা টিউশন ফি বাবদ প্রতি মাসে এক হাজার টাকা কম নিচ্ছেন। অনুমোদনের ব্যাপারে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাঁরা অনুমোদন পেয়েছেন। এ ছাড়া এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম এন হক তাঁদের রাজশাহীতে ক্যাম্পাস খোলার ব্যাপারে অনুমতি দিয়েছেন। তিনি বলেন, তাঁর ইচ্ছা ছিল এটি পুঠিয়া উপজেলার বানেশ্বরে হোক। কিন্তু বানেশ্বর পৌর এলাকার বাইরে হওয়ার কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, শহরের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় তাঁদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ প্রায় অর্ধেক। মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এম এন হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই প্রতিবেদক রাজশাহীতে তাঁর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলতে চান কি না। তাহলে তিনি যেন সন্ধ্যায় তাঁকে ফোন করেন। তিনি এখন ব্যস্ত আছেন।