এক কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি খাত থেকে আদায় করা টাকা বেসরকারি খাতে দেখানোর অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন নম্বর করাঞ্চলের কর কর্মকর্তা জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌর কর আদায় বাড়িয়ে দেখানোর জন্য তিনি এই কাজ করেন বলে সিটি করপোরেশন সূত্র জানায়।চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘জসিম সরকারি প্রতিষ্ঠান থেকে আদায় করা পৌর করের টাকা বেসরকারি খাতে দেখিয়েছেন। এটা আপাতদৃষ্টিতে লঘু অপরাধ। তবে বিষয়টি নিয়ে একাধিকবার তিনি মিথ্যে বলেছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি তিন নম্বর করাঞ্চলে পাঁচ লাখ টাকা আদায় করা হয়। এর মধ্যে তিন লাখ পাঁচ হাজার টাকা চট্টগ্রাম জেলখানা কর্তৃপক্ষ ওই দিন পরিশোধ করে। পুরো টাকা বেসরকারি খাত থেকে আদায় হিসেবে ব্যাংকে সিটি করপোরেশনের হিসাবে জমা দেওয়া হয়। পরে বিষয়টি জানাজানি হলে প্রধান রাজস্ব কর্মকর্তা জসিমের সঙ্গে কথা বলেন। কিন্তু জসিম সরকারি খাত থেকে পৌর কর আদায়ের বিষয়টি অস্বীকার করেন। কিন্তু তাঁর অধস্তন উপ-কর কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন বলেন, ওই দিন চট্টগ্রাম জেলখানা থেকে তিন লাখ পাঁচ হাজার টাকা আদায় করা হয়েছে। অর্থ আদায় নিয়ে মিথ্যা বলার কারণে শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান।