
মানিকগঞ্জের সিঙ্গাইরে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় আখতার ইন্ডাস্ট্রিয়াল পার্কে ম্যাট্রেস ও পি-ফোম তৈরির শেডে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়েছেন এক কর্মকর্তা ও দুই শ্রমিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ভারী টিনের তৈরি অন্তত ১৩ হাজার বর্গফুট আয়তনের একটি দোতলা শেড বিধ্বস্ত হয়েছে। ওই শেডে থাকা জেনারেটর, বিভিন্ন ধরনের যন্ত্র, ফোম, আঠা, গ্যাস সিলিন্ডার, ম্যাট্রেস, ম্যাট্রেস তৈরির কাঁচামালসহ কেমিক্যাল পুড়ে গেছে।
অগ্নিদগ্ধ হয়েছেন মানিকগঞ্জের সিঙ্গাইরের জয়মন্টপের দেলোয়ার কবীর (৩৫), ফোর্ডনগরের রফিকুল ইসলাম (২০) ও বিন্নাডাঙ্গির রফিকুল ইসলাম (২২)। চিকিৎসার জন্য তাঁদেরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিঙ্গাইর থানার পুলিশ জানায়, আখতার ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভারী টিনের তৈরি দোতলা ১০টি শেড রয়েছে। এসব শেডের মাত্র তিনটি প্লাইউড, ম্যাট্রেস ও পি-ফোম উৎপাদনের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। গতকাল সকাল ১০টার দিকে দুই নম্বর শেডে আগুন ধরে। মুহূর্তের মধ্যে আগুন পুরো শেডে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ শ্রমিক রফিকুল ইসলাম বলেন, তিনিসহ সাত শ্রমিক দুই নম্বর শেডের নিচতলায় পি-ফোম তৈরির কাজ করছিলেন। আর ২০-২২ জন শ্রমিক দ্বিতীয় তলায় ম্যাট্রেস তৈরি করছিলেন। এ সময় ওই শেডে আগুন ধরে যায়। তবে প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের এজিএম এম এ মান্নান খান বলেন, যে শেডটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে কোনো সামগ্রী উৎপাদিত হতো না। তাই সেখানে কোনো শ্রমিকও ছিলেন না। তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডের সময় কোনো শ্রমিক কর্মরত না থাকায় কেউ দগ্ধ হননি, আগুন নেভাতে গিয়ে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় তিনজন সামান্য আহত হন। তবে হাসপাতালের পরিচালক আনোয়ারুল কাদির বলেন, আগুনে আখতার ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত তিনজনের মুখমণ্ডল, বুক ও পায়ের ২০ থেকে ২৫ ভাগ পুড়ে গেছে।
আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, তদন্ত ছাড়া আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা মুশকিল। তবে যন্ত্র বিস্ফোরিত হয়ে কিংবা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।