এক কর্মকর্তা ও দুটি বিভাগের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ময়মনসিংহে রেলওয়ে সম্পত্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া স্টেশনের বুকিং ও নিরাপত্তা বিভাগের কর্মচারীদের অন্য তিনটি স্টেশনের কর্মচারীদের সঙ্গে রদবদলের নির্দেশ দেন। মন্ত্রী গতকাল মঙ্গলবার ময়মনসিংহ রেলওয়ে জংশন পরিদর্শনে গিয়ে সার্বিক পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে এসব নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে প্রবেশ করার আগেই রেলওয়ের জমিতে অবৈধ দোকানপাট দেখে যোগাযোগমন্ত্রী ক্ষুব্ধ হন। এ সময় তিনি ময়মনসিংহে রেলওয়ের সম্পত্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কানন ঘোষকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার নির্দেশ দেন। এরপর মন্ত্রী স্টেশনের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রী বিশ্রামাগার, টিকিট কাউন্টার ও রেলওয়ে নিরাপত্তা বিভাগের দপ্তর পরিদর্শন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি আসন্ন ঈদে টিকিট কালোবাজারি রোধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। এ ছাড়া বুকিং বিভাগ ও নিরাপত্তা বিভাগের সব কর্মচারীকে জামালপুর, দেওয়ানগঞ্জ ও গফরগাঁও রেলওয়ে স্টেশনে রদবদলের নির্দেশ দেন। এর আগে সড়কপথে ঢাকা থেকে আসতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজের খোঁজখবর নেন যোগাযোগমন্ত্রী। এরপর তিনি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের কলতাপাড়া থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের কাজের অগ্রগতি দেখতে যান। পরে যান ময়মনসিংহ রেলওয়ে জংশনে। সন্ধ্যা ছয়টায় মন্ত্রী তিস্তা এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা দেন। গাজীপুর প্রতিনিধি জানান, যোগাযোগমন্ত্রী গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘এখন আমার মাথাব্যথা হচ্ছে ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অযথা কথা বলবেন না। আমি ঢাকা থেকে গাজীপুর আসার পথে এই মুহূর্তে যানজট পাইনি, তবে যানজট নিরসনের কারণগুলো দূর হয়নি।’ এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ, সওজের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।