পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক পদে গত চার বছরে অতিরিক্ত সচিব পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলেও তাঁরা যোগ দিতে পারেননি। উপসচিব পদমর্যাদার নন-ক্যাডার কর্মকর্তা এম এ মতিন ভারপ্রাপ্ত মহাপরিচালকের (ডিজি) পদে বহাল রয়েছেন।
একাডেমির অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক (প্রশাসন) পদও শূন্য। এ দুটি পদও পরোক্ষভাবে চালাচ্ছেন এম এ মতিন। এ ছাড়া দাতা ও সরকারের অর্থে পরিচালিত হাজার কোটি টাকার একটি প্রকল্পের পরিচালকও তিনি। অর্থাৎ একাডেমির শীর্ষ চার দায়িত্বেই আছেন তিনি।
সূত্রমতে, আইন অনুযায়ী একজন নন-ক্যাডার কর্মকর্তাকে বগুড়ায় অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক পদে রাখার সুযোগ নেই। তবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ শীর্ষ পদটিতে এম এ মতিনকেই রাখার পক্ষে। জনপ্রশাসন মন্ত্রণালয় ওই পদে একের পর এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে নিয়োগ দিলেও তাঁরা মামলাজনিত জটিলতায় যোগ দিতে পারেননি।
এম এ মতিনকে ডিজি হিসেবে নিয়োগ চেয়ে প্রায় দুই বছর আগে হাইকোর্টে একটি রিট আবেদন করে আরডিএর কর্মকর্তা ও কর্মচারী ইউনিয়ন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু প্রায় দেড় বছরেও মন্ত্রণালয় ওই নোটিশের জবাব দেয়নি। ফলে এম এ মতিন ওই পদেই বহাল রয়েছেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এ বিষয়ে প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নোটিশের জবাব মন্ত্রণালয় এখনো দেয়নি। কারণ, মন্ত্রণালয় চায় ওই কর্মকর্তা সেখানে থাকুন। আইন লঙ্ঘন করে উপসচিব পদমর্যাদার একজন নন-ক্যাডার কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদমর্যাদার মহাপরিচালক পদে রাখা প্রসঙ্গে তিনি বলেন, পদমর্যাদার চেয়ে মন্ত্রণালয় তাঁর কাজকর্মের ওপর গুরুত্ব দিচ্ছে।
এদিকে ওই পদ থেকে এম এ মতিনকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। সংশ্লিষ্ট সূত্র বলছে, বগুড়ার সরকারদলীয় সাংসদ হাবিবুর রহমানও তাঁকে সরানোর পক্ষে।
এ বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান বিস্তারিত কিছু বলতে অপারগতা জানিয়ে বলেন, নিয়ম অনুযায়ী বিষয়টি হওয়া উচিত, সেটি হয়নি।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আরডিএর পরিচালনা কমিটির চেয়ারম্যান এলজিআরডিমন্ত্রী। সূত্র বলেছে, সৈয়দ আশরাফুল ইসলাম এলজিআরডিমন্ত্রী থাকাকালে এম এ মতিনকে আরডিএর মহাপরিচালক করতে দুবার সুপারিশ পাঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এর মধ্যে একবার তাঁর চাকরিসম্পর্কিত তথ্য জানতে চাওয়া হয়। আরেকবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠাতে বলা হয়।
এম এ মতিন প্রথম আলোকে বলেন, ‘আমাকে নিয়োগ দেওয়া যাবে না, আইনে এ কথা বলা নেই। আমার বোর্ডের চেয়ারম্যান আমাকে চান। আমার মন্ত্রণালয় আমাকে চায়। তারপরও আমাকে এই পদে নিয়োগ দেওয়া হয়নি। কর্মকর্তা ও কর্মচারী ইউনিয়ন এ নিয়ে মামলাও করেছে।’
১৯৭৪ সালে এই একাডেমি প্রতিষ্ঠার পর থেকে এর মহাপরিচালক পদে ছিলেন প্রশাসনের যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিব মর্যাদার কর্মকর্তা। ২০১১ সালের এপ্রিলে যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম মহাপরিচালকের পদ থেকে অবসরে যান। এর কিছুদিন আগে তিনি ওই একাডেমির নিজস্ব কর্মকর্তা এম এ মতিনকে পরিচালক (কৃষি) থেকে পরিচালক (প্রশাসন) পদে নিয়োগ দেন। অতিরিক্ত মহাপরিচালকের পদটি তখন খালি ছিল। নজরুল ইসলাম অবসরে যাওয়ার সময় এম এ মতিনকে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেন।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, এরপর থেকে এম এ মতিন ওই পদে বহাল রয়েছেন। একাডেমির নিজস্ব কর্মকর্তারই মহাপরিচালক হওয়া উচিত বলে কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধ করা হয়। কর্মকর্তা ও কর্মচারী ইউনিয়ন নিজস্ব কর্মকর্তাকে মহাপরিচালক পদে নিয়োগের জন্য রিট করে।
ইউনিয়নের পক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ প্রথম আলোকে বলেন, প্রায় দেড় বছর আগে এ বিষয়ে মন্ত্রণালয়কে কারণ দর্শানোর নোটিশ দিলেও জবাব দেওয়া হয়নি।
তিন শতাধিক জনবলের আরডিএতে অতিরিক্ত মহাপরিচালকের পদও শূন্য। যুগ্ম সচিব নজরুল ইসলামকে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় ওই পদে নিয়োগ দিলেও তা আটকে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এর কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী মসিউর রহমান বলেন, ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে সেখানে যিনি আছেন, তিনি উপসচিব পদমর্যাদার। তাঁর অধীনে একজন যুগ্ম সচিবকে অতিরিক্ত মহাপরিচালক করা হলে অন্য সমস্যা তৈরি হতে পারে।
এর আগে মহাপরিচালক পদে তিন অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন, এস এম মাহবুবুর রহমান ও সালাহ উদ্দিন মাহবুবকে নিয়োগ দেওয়া হয়। গত বছরের ১৭ নভেম্বর সর্বশেষ নিয়োগ পাওয়া সালাহ উদ্দিনকে প্রায় ছয় মাস পর কুমিল্লার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টে (বার্ড) মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়। এসব নিয়ে প্রশাসন ক্যাডারের অনেক কর্মকর্তা ক্ষুব্ধ।
জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, মামলার কারণে বিষয়টি আটকে আছে।
এম এ মতিন বলেন, ‘আমিও চাই না এতগুলো দায়িত্বে থাকতে। কিন্তু প্রতিষ্ঠানটি রক্ষার বিষয়টি মাথায় রেখে যোগ্য লোক না বসালে নতুন পদায়নে লাভ হবে না।’
একাডেমির একটি সূত্র বলছে, এই পরিস্থিতিতে একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশও ক্ষুব্ধ। তবে এম এ মতিন শীর্ষ পদে থাকায় হয়রানির আতঙ্কে তাঁরা ভিন্নমত প্রকাশ করছেন না।