পটুয়াখালীর পাসপোর্ট অফিসে জালিয়াতির ঘটনায় জেলা প্রশাসনের তদন্তে জাল-জালিয়াতির সত্যতা মিলেছে। রোববার জেলা প্রশাসকের কাছে দাখিল করা তদন্ত প্রতিবেদনে এর সঙ্গে জড়িত পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ জালিয়াতি চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এদিকে ঢাকা পাসপোর্ট অধিদপ্তর থেকে একটি তদন্ত দল পটুয়াখালী এসে পাসপোর্ট অফিসে জাল-জালিয়াতির তদন্ত শুরু করেছে। পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. শাহজাহান হাওলাদারকে সাময়িকভাবে বরখাস্ত করে অফিসে কর্মরত সবাইকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন রোববার পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে দাখিল করা হলে জেলা প্রশাসক জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কয়েক দফা সুপারিশসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎ ক্ষণিকভাবে পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. শাহজাহান হাওলাদারকে সাময়িকভাবে বরখাস্ত করে অফিসে কর্মরত সবাইকে প্রত্যাহার করে নেয়।