এক কর্মকর্তার প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ মে প্রথম আলোয় ‘ঘুষ নিয়ে পলাতক জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হাফেজ আহমেদ নোমান। তাঁর দাবি, তাঁকে ব্যক্তিগত, সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে হেয় করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। তিনি কারও কাছ থেকে ঘুষ নেননি এবং পলাতক নন। ঘুষ নিয়ে কাজ না করার অভিযোগকারী আবদুস সোবহান এবং এ বি এম আনোয়ার হোসেনকে চেনেন না বলেও দাবি করেন নোমান। ছুটি না নিয়ে অনুপস্থিত থাকার বিষয়টি তাঁর নিজের ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাপার বলে নোমান দাবি করেন। তিনি বলেন, এ বিষয়ে অন্য কারও হস্তক্ষেপ কাম্য নয়। কোনো কলেজের আসন বাড়ানোর জন্য টাকা নেননি বলে তিনি দাবি করেন। তাঁর পিএইচডি ডিগ্রি নিয়ে প্রশ্ন নেই বলেও দাবি করেন তিনি।নোমান জানান, তাঁর অনুপস্থিতিতে ১০ থেকে ১২ জন লোক তাঁর স্ত্রীর কাছ থেকে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে স্ট্যাম্পে সই নিয়েছেন। এটা অপরাধ বলে তিনি উল্লেখ করেন। প্রতিবেদকের বক্তব্য: ঘুষ নেওয়ার অভিযোগগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, থানার সাধারণ ডায়েরি এবং পুলিশের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে বিভিন্নভাবে যোগাযোগ করা হলেও নোমান অভিযোগগুলো সম্পর্কে প্রতিবেদন তৈরির আগে বক্তব্য দেননি। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা হিসেবে তিনি ছুটি ছাড়া অনুপস্থিত থাকলে তা দেখার দায়িত্ব কর্তৃপক্ষের এমন বক্তব্য ঠিক নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর অনুপস্থিত থাকার তথ্য নিশ্চিত করেছে। নোমান সম্পর্কে লেখা প্রতিবেদনে কোনো অসংগতি থাকার কথা বিশ্ববিদ্যালয় জানায়নি।