চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপকের ব্যক্তিগত সহকারী মোমেন মকছুদকে গতকাল রোববার নিজ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দরে সোনার বার পাচারে এক ব্যক্তিকে সহায়তা করার অভিযোগ ওঠায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। স্টেনো টাইপিস্ট পদের এই কর্মচারীকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থী কাজে সংশ্লিষ্টতার অভিযোগে তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর অন্য কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিমানবন্দর সূত্র জানায়, গত শনিবার দুপুরে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২৫টি সোনার বার জব্দ করেন বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের কর্মকর্তারা। কাতারের দোহা থেকে দুবাই হয়ে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের এক যাত্রী গত শুক্রবার এই লাগেজ নিয়ে আসেন।
তবে সোনার বার আটকের আগে এ লাগেজটি নিতে মফজ্জল নামের এক ব্যক্তিকে নিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন মোমেন মকছুদ। ওই ব্যক্তিকে লাগেজটি দিতে তদবির করেন তিনি। এর আগেও তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সোনা চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। এ ঘটনায় বিমানবন্দরের স্টেশন এয়ার ট্রাফিক অফিসার আবদুল্লাহ আল ফারুককে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আজ সোমবার বা কাল মঙ্গলবার কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।