জলাশয়ের ইজারা বাবদ প্রতিষ্ঠানের এক কর্মচারীর কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাওনা ৩০ লাখ টাকা। দীর্ঘদিন চেষ্টা করেও সেই টাকা আদায় না হওয়ায় সম্প্রতি তাঁকে বাধ্যতামূলক অবসর দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এসব সিদ্ধান্ত গৃহীত হয় গত ২১ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায়। এ বিষয়ে গত ৩১ অক্টোবর প্রশাসনিক আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, শহীদ সালাম-বরকত হলের ঊর্ধ্বতন অফিস সহকারী মো. আব্বাস আলী তালুকদারকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী ২১ অক্টোবর বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আব্বাস আলী তালুকদার ২০১০ সালের অক্টোবর ও ডিসেম্বরে চারটি জলাশয় তিন বছরের জন্য ইজারা নেন। শর্তানুযায়ী এসব জলাশয়ের ইজারা মূল্য পরিশোধ না করেই পরের বছর এপ্রিলে তিনি আরও একটি জলাশয় চার বছরের জন্য ইজারা নেন। বকেয়া পরিশোধের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাঁকে মোট ১৫ বার চিঠি দেওয়া হয়। কিন্তু তিনি বকেয়া পরিশোধ করেননি।
এ অবস্থায় ২০১৪ সালের মার্চে সমাজবিজ্ঞান অনুষদের ডিন মো. আমির হোসেনকে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে আব্বাস আলীর এ ধরনের আচরণকে অসদাচরণ ও অবাধ্যতা বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে গতকাল বুধবার যোগাযোগের চেষ্টা করে আব্বাস আলীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, সিন্ডিকেটের সভায় তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত হয়।