এক কলেজে দুই অধ্যক্ষ!
নাটোরের গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ পদে বর্তমানে দুজন দায়িত্ব পালন করছেন। এতে কলেজের অন্য শিক্ষকেরা পড়েছেন অস্বস্তিকর এক পরিস্থিতিতে।
কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটির এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) তালিকানুযায়ী অধ্যক্ষ হিসেবে রেজাউল করিম ২০০৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন। অপরদিকে কলেজটি সরকারি হওয়ার পর গত ১৩ জুলাই থেকে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত নতুন অধ্যক্ষ আলী আশরাফ হাজিরা খাতায় স্বাক্ষর করছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জ্যেষ্ঠ সহকারী সচিব আবু কায়সার খান স্বাক্ষরিত তিনটি পৃথক পত্রে দেখা গেছে, সামসুজ্জোহা কলেজের মতো সারা দেশে মোট ১০টি কলেজে এ রকমভাবে নতুন অধ্যক্ষ পদায়ন করা হয়েছে।
কলেজের কয়েকজন শিক্ষক নাম না প্রকাশ করার শর্তে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে কোনো ওএসডিও (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) কার্যালয় প্রধান হতে পারে না। অথচ নতুন পদায়ন পাওয়া প্রধান শিক্ষক শিক্ষক-কর্মচারীদের বেতন-বিলসহ কলেজের যাবতীয় কাজ তদারক করছেন। এমপিওর বিধি অনুসারে, এখনো ওই পদে রেজাউল করিম অধ্যক্ষ হিসেবে বহাল আছেন। দায়িত্ব হস্তান্তর করার কোনো নির্দেশনাও সরকারিভাবে আসেনি। তাঁকে অধ্যক্ষ পদ থেকে অব্যাহতি না দিয়েই নতুন অধ্যক্ষকে ওই কলেজে নিয়োগ দেওয়া হয়েছে। এতে কলেজটিতে প্রশাসনিক জটিলতাসহ নানা সমস্যা দেখা দিয়েছে। শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে অস্বস্তিকর অবস্থা।
খোঁজ নিয়ে জানা গেছে, কলেজটিতে ৭৩ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে বিভিন্ন বিষয়ের ১১ জন শিক্ষক এখনো এমপিওভুক্তির বাইরে রয়েছেন।
কলেজের সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ এপ্রিল কলেজটি সরকারি করা হয়। এরপর ৩০ জুন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে ওএসডিও থাকা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আলী আশরাফকে ওই কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে পাঠানো হয়।
অধ্যক্ষ রেজউল করিম বলেন, এমপিও একটি সরকারি দলিল। এই দলিল অনুসারে তিনি অধ্যক্ষ হিসাবে বেতন-ভাতা তুলছেন। অথচ তাঁর সেই পদের বিপরীতে ওএসডি কর্মকর্তাকে নতুন অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ তিনি যোগদান করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে। বেতনও নিচ্ছেন ওই দপ্তর থেকেই।
নতুন অধ্যক্ষ আলী আশরাফ বলেন, প্রতিষ্ঠানটি সরকারি হওয়ায় বিধি অনুসারে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসাবে কোনো বেসরকারি ব্যক্তি দায়িত্ব পালন করতে পারেন না। সে জন্যই মন্ত্রণালয় থেকে তাঁকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। ওএসডি থাকা অবস্থায় কার্যালয়ের প্রধান হওয়ার বিষয়ে তিনি বলেন, আগে এই নিয়ম ছিল না। এখন নিয়মটি হয়েছে।