ফেনী পৌরসভার দুটি স্থগিত কেন্দ্রে আজ শনিবার ভোট নেওয়া হবে। দুটি কেন্দ্রে শুধু সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ডের একটি এবং ১৫ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্র রয়েছে। ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তৌহিদ রেজা নূরের বিরুদ্ধে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন আরেক কাউন্সিলর প্রার্থী কামাল উদ্দিন মাহমুদ।গত ১৮ জানুয়ারি ফেনী পৌরসভার নির্বাচন চলাকালে প্রতিদ্বন্ধী কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনায় এ দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।গতকাল শুক্রবার সকালে ফেনী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক কাউন্সিলর ও এবারের প্রার্থী কামাল উদ্দিন অভিযোগ করেন, পুনর্নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তৌহিদ রেজা নূর তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন। তৌহিদ রেজা বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ও তাঁর কয়েকজন কর্মীকে মারধর করেন। এ ঘটনায় রাতেই ফেনী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলতাফ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মো. ইমাম হোসেনকে জানিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।ফেনী জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, শনিবার ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মধুপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে।ফেনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলতাফ হোসেন চৌধুরী জানান, শনিবার দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে।