মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে গতকাল শনিবার চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে তিনজন, সংরক্ষিত নারী আসনে ছয়জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাচাইয়ের পর তথ্য গোপন ও অসম্পূর্ণ হলফনামা জমা দেওয়ায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী এনামুল কবিরের মনোনয়নপত্র বাতিল করা হয়।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, এনামুল কবির আওয়ামী লীগের সমর্থক। তাঁর মনোনয়নপত্র বাতিল হলেও ওই ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত অন্য প্রার্থী রয়েছেন।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, হলফনামায় মামলার তথ্য গোপন ও প্রার্থীর স্বাক্ষর না থাকার কারণে এনামুল কবিরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।