এক কাতার, এক খাবার সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতারের থালা সাজিয়ে রাখা হচ্ছে। প্রতিদিন সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে মুসাফিরদের জন্য ইফতারের আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো
ইফতারের থালা সাজিয়ে রাখা হচ্ছে। প্রতিদিন সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে মুসাফিরদের জন্য ইফতারের আয়োজন করা হয় l ছবি: প্রথম আলো

সবাই এক কাতারে। খাবারও সবার একই, আখনি কিংবা ভুনা খিচুড়ি। রমজান মাসজুড়ে ইফতার আর সেহ্রি পর্বে সিলেটের হজরত শাহজালাল (রহ.) দরগাহে এ আয়োজন থাকে প্রতিবার। মাজারভক্ত নারী-পুরুষেরা ইফতার বা সেহ্রিতে শামিল হন দরগাহে। সবার পরিচয়—মুসাফির। প্রায় ৭০০ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় মুসাফিরদের জন্য এমন আয়োজন এখনো চলছে।
দরগাহের অভ্যর্থনা দপ্তর থেকে জানা গেছে, রোজার মাসে প্রতিদিন প্রায় ৫০০ নারী-পুরুষের ইফতার তৈরি হয় এখানে। বৃহস্পতি ও শুক্রবার আয়োজন থাকে দ্বিগুণ। এই ইফতার শুধু বিতরণ করা হয় সিলেটের বাইরে থেকে আসা মুসাফিরদের জন্য। ইফতারের প্রায় আধা ঘণ্টা আগে থেকে মাজারের নিজস্ব স্বেচ্ছাসেবকেরা মুসাফিরদের মধ্যে টোকেন বিতরণ করেন। টোকেন দেখিয়ে ইফতার নিয়ে মুসাফিরেরা নির্ধারিত স্থানে বসেন। মাজারের নারী ইবাদতখানার ভেতরে নারীরা ও ওপরে পুরুষেরা ইফতার করেন।
দরগাহ মসজিদেও ইফতার করেন নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি—সবাই বসেন এক কাতারে, একসঙ্গে। মসজিদের ভেতরের রোজাদারদের ইফতারের ব্যবস্থা মাজার কমিটি করে না। রোজাদারদের সঙ্গে করে নিয়ে আসা ইফতার ভাগাভাগি করে খাওয়া হয় মসজিদের ভেতর। এ ছাড়া নগরের বিভিন্ন স্থান থেকেও লোকজন ইফতার পাঠান সেখানে। সব মিলিয়ে প্রতিদিন সহস্রাধিক রোজাদার ইফতার করেন হজরত শাহজালাল (রহ.) দরগাহে।
সিলেটে ইফতার আয়োজন সাদামাটা। এর মধ্যে রকমফের আছে। ঘরোয়া পরিসর হলে ভুনা কিংবা পাতলা খিচুড়ি। আর মেহমানদারিতে আখনি। ইফতারে এ দুটি পদই সিলেটিদের সবচেয়ে প্রিয়। খেজুর, শরবত, ছানা, পেঁয়াজুসহ নানা পদের ইফতারি থাকলেও আখনি-খিচুড়ি থাকবেই। ইফতারিতে এ দুটি পদই সিলেটিদের সবচেয়ে প্রিয়।
তবে বর্তমানে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলেটের বাজারে নানা উপাদেয় ও বৈচিত্র্যময় ইফতারসামগ্রী বাজারজাত করছে। নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, মদিনা মার্কেটসহ বিভিন্ন এলাকায় দুপুর থেকেই ইফতারির পসরা সাজিয়ে বসতে দেখা যায়। সিলেটের বাইরে ইফতারিতে ছানা, পেঁয়াজুর সঙ্গে মুড়ি আবশ্যক অনুষঙ্গ। কিন্তু সিলেটিদের কাছে এটি একেবারে অচল। এ অঞ্চলে আখনি কিংবা খিচুড়ি ছাড়া ইফতারের কথা চিন্তা করাই যায় না। তার সঙ্গে ছানা ভুনা থাকবেই।
দরগাহের অন্যতম খাদেম মুজাহিদ হোসেন জানান, ইতিহাস থেকে জানা গেছে, হজরত শাহজালাল (রহ.) রমজান মাসে তাঁর সঙ্গীদের নিয়ে একসঙ্গে বসে ইফতার করতেন। তাঁর ইন্তেকালের পর তাঁর অনুসারীরা একইভাবে ইফতার করতেন। সেই ঐতিহ্যে ইফতার করার জন্য প্রতিদিন নগর ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন।
ইফতার করতে আসা সিলেটের ওসমানীনগরের আরাফাত মিয়া জানান, প্রতিবছর অন্তত একবার হলেও তিনি ইফতার সারেন দরগাহে। দরগাহে ইফতার করাকে ‘বাবা শাহজালালের বাড়ির ইফতার’ বলে সম্বোধন করেন তিনি।